দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের বাজারে সোনার দাম এখন আড়াই লাখ টাকার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দামে ধারাবাহিক পরিবর্তনের প্রভাব পড়ছে দেশের গয়নার বাজারেও। নতুন এই দাম কার্যকর হওয়ায় সোনার গয়না কিনতে ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি অর্থ গুনতে হবে।

