দীর্ঘ সাড়ে নয় বছর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পর সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডিতে নতুন ভূমিকায় যাচ্ছেন ড. ফাহমিদা খাতুন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব নেবেন। সিপিডির ৬৮তম বোর্ড সভায় তাঁর এই নতুন দায়িত্বের বিষয়টি অনুমোদিত হয়েছে।
২০০৩ সালে সিপিডিতে যোগ দেন ড. ফাহমিদা খাতুন এবং ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর নেতৃত্বাধীন এই সময়ে সিপিডির গবেষণা কার্যক্রমের পরিধি ও বৈচিত্র্য যেমন বেড়েছে, তেমনি গবেষণার সামগ্রিক মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। একই সঙ্গে বেড়েছে প্রতিষ্ঠানের অর্থায়নপ্রাপ্ত প্রকল্প, কর্মসূচি এবং সহযোগী সংস্থার সংখ্যাও।
সিপিডির নিজস্ব তথ্য অনুযায়ী, তাঁর দায়িত্বকালে প্রতিষ্ঠানের উন্নয়ন তহবিল প্রায় পাঁচশ নব্বই শতাংশ এবং বার্ষিক আয় প্রায় একশ একাত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্পদ সংগ্রহ, আর্থিক ব্যবস্থাপনা এবং কৌশলগত পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়ে সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা সম্প্রসারণ, প্রকাশনার মান বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনেও অগ্রগতি হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালী করার কাজেও তাঁর অবদান রয়েছে।
সিপিডিতে যোগ দেওয়ার আগে ড. ফাহমিদা খাতুন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা ফেলো হিসেবে কর্মরত ছিলেন। এর আগে বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কার্যালয়েও ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষকতাও করেছেন এবং আন্তর্জাতিক একাধিক গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
শিক্ষাজীবনে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. ফাহমিদা খাতুন। পরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন তিনি। তাঁর গবেষণার মূল ক্ষেত্র সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর প্রক্রিয়া।
দেশ-বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের বহুমাত্রিক ঝুঁকি সূচকবিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেল এবং জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের উৎপাদন সক্ষমতা সূচকবিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডের সদস্য তিনি। এ ছাড়া বোস্টন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামোবিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সেরও সদস্য তিনি। বর্তমানে ব্র্যাক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করছেন ড. ফাহমিদা খাতুন।

