সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো অননুমোদিত মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল ঋণ কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ সতর্কতা জারি করে।
বিএফআইইউ জানিয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই ডিজিটাল মাধ্যমে দ্রুত ঋণ দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব অ্যাপ ব্যবহার করতে গিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য, মুঠোফোনের যোগাযোগের তালিকা, ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পরবর্তীতে এসব তথ্য ব্যবহার করে গ্রাহকের ওপর অতিরিক্ত সুদের চাপ তৈরি, ঋণ আদায়ের নামে হয়রানি ও মানসিক চাপ প্রয়োগ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের মতো ঘটনা ঘটছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিএফআইইউ বলেছে, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স বা অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অননুমোদিত মাধ্যম ব্যবহার করে অর্থ লেনদেনের ঘটনাও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মের বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে বিএফআইইউ। একই সঙ্গে অননুমোদিত কোনো অ্যাপে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য, ব্যক্তিগত ছবি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঋণ দেওয়ার আগে অগ্রিম টাকা, নিবন্ধন ফি কিংবা প্রক্রিয়াকরণ ফি দাবি করা হলে তাতেও সাড়া না দিতে সতর্ক করেছে সংস্থাটি।
বিএফআইইউ আরও জানিয়েছে, কোনো অননুমোদিত ঋণ কার্যক্রম, প্রতারণা কিংবা মানিলন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সন্ধান পেলে সংস্থাটির সরকারি মাধ্যমে অভিযোগ জানানো বা লিখিতভাবে বিষয়টি অবহিত করা যাবে।

