প্রবাসীদের পাঠানো অর্থে আবারও গতি দেখা যাচ্ছে। আগস্ট মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকা।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি বছরের আগস্টের প্রথম ২৯ দিনে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। ২০২৫ সালের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার।
সাম্প্রতিক দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। বৃহস্পতিবার থেকে শনিবার—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা।
শুধু আগস্ট নয়, চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৮৬ কোটি ৭০ লাখ ডলার।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

