যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পালটাপালটি হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সংঘাতের খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়ে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সোমবার (৩১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর জর্ডানে থাকা মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে পালটা হামলা চালায় ইরান। দুই দেশের এই সামরিক উত্তেজনার পরই আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে দাম বাড়তে শুরু করে।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে ওঠে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে এর সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘ সময় অস্থিতিশীল থাকলে বাজারে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হতে পারে।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি আবারও উত্তেজনা বাড়ার দিকে যাচ্ছে। তবে এই উত্তেজনা কতদিন স্থায়ী হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
ফলে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গতিপ্রকৃতির দিকে বিশেষ নজর থাকবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের। সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বাজারসংশ্লিষ্টরা।

