প্রবাসীদের পাঠানো অর্থে আবারও গতি দেখা গেছে। চলতি বছরের আগস্টের প্রথম ৩০ দিনেই দেশে ২৮৩ কোটি বা ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ২৮৩ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০ দশমিক ৯ শতাংশ।
এক মাস শেষ হওয়ার আগেই প্রায় ৩ বিলিয়ন ডলারের কাছাকাছি রেমিট্যান্স আসায় বৈদেশিক মুদ্রার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় মেটানো ও সামগ্রিক অর্থনীতিতে ডলারের জোগান বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আগস্টের এই প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছর প্রবাসী আয় বৃদ্ধির ধারাও অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

