আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নিয়মিত কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা বা নিষেধাজ্ঞা নেই বলে স্পষ্ট করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির সভাপতির আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এই মর্মে একটি ব্যাখ্যামূলক চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।
চিঠিতে জানানো হয়েছে, গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা আয়োজন ৩০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে সংগঠনের সার্বিক কার্যক্রমের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবল বার্ষিক সাধারণ সভা আয়োজনের সময়সীমা নিয়েই ওই সিদ্ধান্ত ছিল বলে মন্ত্রণালয় স্পষ্ট করেছে।
গত ১৬ আগস্ট রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এ বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হলো।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রিহ্যাবের নিয়মিত ও স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই। অর্থাৎ বার্ষিক সাধারণ সভা ছাড়া সংগঠনের অন্যান্য সব ধরনের কার্যক্রম আগের মতোই স্বাভাবিকভাবে চলতে পারবে।
এই স্পষ্টীকরণের প্রতিক্রিয়ায় রিহ্যাব প্রেসিডেন্ট মনে করছেন, মন্ত্রণালয়ের এই ব্যাখ্যার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম নিয়ে সৃষ্ট সব ধরনের বিভ্রান্তি এখন দূর হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সীমার মধ্যে বার্ষিক সাধারণ সভাসহ প্রয়োজনীয় সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে আবাসন খাতের উন্নয়ন ও সংগঠনের সদস্যদের স্বার্থ রক্ষায় রিহ্যাবের কার্যক্রম নির্বিঘ্নে চলমান থাকবে।

