যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহের পথ এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগও বাড়ছে।
শুক্রবার লেনদেন শেষে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেশি। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে হয়েছে ৯১ দশমিক ৪৮ ডলার। এদিন এর দাম বেড়েছে ১৮ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ।
সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সরবরাহপথে যে বাধা তৈরি হয়েছে, মূলত তার প্রভাবেই বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।
তেলের পাশাপাশি জ্বালানির দাম দ্রুত বাড়তে থাকায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও সরকারি ঋণের ব্যয়ের ওপরও চাপ বাড়ছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির প্রধান অর্থনীতিবিদ ক্লদিও গালিমবার্তি বলেন, অর্থনীতির প্রায় সব খাতই ডিজেলের দামের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। জ্বালানির দাম বাড়তে থাকলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়, যা যুক্তরাষ্ট্রে সরকারি বন্ডের সুদের হারও উঁচু রাখছে।
যুক্তরাষ্ট্রে গড় ডিজেলের দামও নতুন রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন আরও বেড়েছে। মার্কিন অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম এখন ৫ দশমিক ৮৫ ডলার।
সামনে দেশটির বিভিন্ন কৃষিপ্রধান এলাকায় ফসল কাটা ও বপনের মৌসুম শুরু হওয়ায় ডিজেলের চাহিদা আরও বাড়তে পারে। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির প্রধান জ্বালানি ডিজেল হওয়ায় সরবরাহ কমে গেলে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে শীত মৌসুম সামনে রেখে ডিজেলের সমতুল্য পণ্য হিটিং অয়েলের দামও দ্রুত বাড়ছে।
তেলের বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও তাদের পূর্বাভাস বাড়িয়েছে। সিটি গ্রুপ চলতি তৃতীয় প্রান্তিকে ব্রেন্ট তেলের গড় মূল্যপ্রবাহের পূর্বাভাস ব্যারেলপ্রতি ৮০ ডলার থেকে বাড়িয়ে ৮৬ ডলার করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ফিরতে আগের ধারণার চেয়ে বেশি সময় লাগছে।
এদিকে এএনজেডের বিশ্লেষকেরা স্বল্পমেয়াদে ব্রেন্টের দাম ৯৫ ডলার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হলে এই দামের ওপরেও যাওয়ার ঝুঁকি রয়েছে।
অন্যদিকে আগস্টে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এতে দেশটির শ্রমবাজার নিয়ে দুর্বলতার আশঙ্কা কিছুটা কমেছে। তবে একই সঙ্গে সেপ্টেম্বরের শেষ দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ানোর সম্ভাবনা মার্কিন অপরিশোধিত তেলের দামের ওপর কিছুটা চাপ তৈরি করছে।
মার্কিন সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ প্রায় স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে বলে দাবি করলেও বিশ্লেষক ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, সরবরাহব্যবস্থা এখনো বড় ধরনের বাধার মুখে।
প্রাথমিক জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে গেছে। অথচ গত ১০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১৫টি জাহাজ এই পথ অতিক্রম করেছে।
জুলিয়াস বেয়ারের অর্থনীতিবিদ নরবার্ট রুকার বলেন, সংঘাতের অচলাবস্থা ও বারবার সামরিক উত্তেজনার কারণে তেলের দামে ঝুঁকির অতিরিক্ত মূল্য যুক্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত এই সপ্তাহের সংঘাতের তীব্রতা পশ্চিম এশিয়া থেকে তেল রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলেছে বা বাজারে সরবরাহ সংকট আরও তীব্র করেছে—এমন প্রমাণ নেই। তাঁর মতে, বর্তমান মূল্যবৃদ্ধির বড় অংশই বাজারের আতঙ্ক ও অনিশ্চয়তাজনিত।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন, যাদের মধ্যে ইরানের বেসামরিক নাগরিকও রয়েছেন। জুলাইয়ের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষ বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইরানের তেল রপ্তানি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি ঠেকাতে যুক্তরাষ্ট্রের চাপও বাড়ছে। তিনজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের অর্থনীতিকে চাপে রাখার মার্কিন প্রচেষ্টা সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।
তবে ইরাক আগস্টে তার তেল রপ্তানি বাড়িয়েছে। দেশটির দুই জ্বালানি কর্মকর্তার তথ্য অনুযায়ী, জুলাইয়ে প্রতিদিন প্রায় ১৩ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করলেও আগস্টে তা বেড়ে প্রায় ২৩ লাখ ৪০ হাজার ব্যারেলে পৌঁছেছে।

