ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে দীর্ঘদিন ধরে থাকা অশুল্ক বাধার মধ্যে ৪৮টি সমাধান করেছে বাংলাদেশ। আরও ১৩টি বাধা দূর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
রোববার ঢাকার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে যেসব অশুল্ক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়েছিল, সেগুলোর বেশিরভাগ ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বাকি বিষয়গুলোও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময় আরও তিন বছর পিছিয়ে দেওয়ার যে আবেদন করা হয়েছে, সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে।
এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে চলতি মাসে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ আশা করছে, এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাওয়া গেলে দেশের অর্থনীতি ও বাণিজ্য খাত আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়েও আলোচনা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শিগগিরই শুরু হতে পারে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। বিশেষ করে তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি খাতের জন্য ইউরোপের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই পক্ষের মধ্যে বাণিজ্য বাধা কমানো এবং নতুন বাণিজ্য সুবিধা তৈরি হলে বাংলাদেশের রপ্তানি আরও বাড়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

