বাংলাদেশে আগস্ট মাসে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। সর্বশেষ পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আগস্টে দেশের সার্বিক পিএমআই ৪৯.৯ পয়েন্টে নেমে এসেছে। এর মাধ্যমে সূচকটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ ও সংকোচনের সীমা ৫০ পয়েন্টের নিচে চলে গেছে।
পিএমআই সূচকে ৫০-এর বেশি হলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ইঙ্গিত দেয়। অন্যদিকে ৫০-এর নিচে অবস্থান করলে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়েছে বলে ধরা হয়। আর ৫০ পয়েন্ট হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে তেমন কোনো পরিবর্তন হয়নি বা স্থবিরতা বিরাজ করছে বলে বোঝায়।
সর্বশেষ পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমার পেছনে প্রধান কারণগুলোর একটি ছিল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিঘ্ন। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে চাপ বেড়েছে এবং অর্থনীতিতে জ্বালানি সংকটের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

