চলতি সেপ্টেম্বরের প্রথম আট দিনে দেশে ৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার ১১৯ কোটি টাকা।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের প্রথম আট দিনে দেশে এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২ দশমিক ৭০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৭৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৭৮ কোটি ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।

