জালিয়াতি ও অনিয়মের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত চলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ার কথা জানান।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠে। ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করে। একই বছরের জুলাইয়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে বছরের শেষ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাকে অবৈতনিক প্রশাসনিক ছুটিতে রাখে।
রয়টার্সের হাতে আসা সায়মা ওয়াজেদের আইনজীবীদের একটি চিঠি অনুযায়ী, তার বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ আরও বলেন, বাংলাদেশে বেআইনিভাবে একটি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছিল। তার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার আগেই তিনি ওই জমির মালিকানা পেয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য আইনের আওতায় জমিটি পাওয়ার অধিকার তার ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের নেতৃত্বের প্রতিও চিঠিতে অসন্তোষ প্রকাশ করেন সায়মা। তার ভাষ্য, আঞ্চলিক দেশগুলোর সেবা করার লক্ষ্যেই তিনি পদটিতে নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব পালনে আন্তরিক ছিলেন। কিন্তু তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি সংস্থার নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানান।
অবৈতনিক ছুটিতে থাকার কারণে দীর্ঘ সময় কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও কঠিন হয়ে পড়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন সায়মা। তবে পদত্যাগের বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রয়টার্সের দুটি অভ্যন্তরীণ সূত্রের দাবি, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্রগুলো জানিয়েছে, আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের জন্য মনোনয়ন আহ্বান করা হতে পারে। ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের যাচাই-বাছাই শেষ করে ২০২৭ সালের ২৪ জানুয়ারি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জনস্বাস্থ্য ব্যবস্থায় আঞ্চলিক পরিচালকের পদটি গুরুত্বপূর্ণ। মহামারি বা জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয়, স্বাস্থ্য সুরক্ষা এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা বাস্তবায়নে এই পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ ও ভারতসহ এ অঞ্চলের সদস্য দেশগুলোর ভোটে পাঁচ বছর পরপর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন।
এদিকে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে সায়মা ওয়াজেদের আইনজীবীদের দেওয়া ব্যাখ্যায় বলা হয়, ৯০১ ডলারের ওই বিল মূলত তার এক সহকারীর নিয়মিত বিল জমা দেওয়ার সময় হওয়া প্রশাসনিক ভুলের ফল। শিক্ষাগত যোগ্যতার অভিযোগের ক্ষেত্রেও সায়মার দাবি, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছিলেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তার এই যোগ্যতার বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন।

