বেনাপোল স্থলবন্দর দিয়ে গত জুলাই ও আগস্ট—এই দুই মাসে ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। এসব ইলিশ দেশে এনেছে ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান। আমদানি করা মাছের মোট মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন পরিদর্শক আশওয়াদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থলবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই মাসে তিনটি প্রতিষ্ঠান ভারত থেকে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ আমদানি করে। এসব মাছের আমদানি মূল্য ছিল ৩৫ লাখ ৪৯ হাজার টাকা।
পরের মাসে ইলিশ আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগস্টে ১৯টি প্রতিষ্ঠান ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি করে, যার মূল্য প্রায় ৬ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে ইলিশ আমদানির পরিমাণ প্রায় ১১ গুণ বেড়েছে।
বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ আসায় বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণসহ যশোরের বিভিন্ন বড় বাজারে মাছের সরবরাহও বেড়েছে।
এদিকে, আমদানি করা ইলিশ স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছে মাছের উৎস স্পষ্ট করার ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা ইলিশ আলাদাভাবে চিহ্নিত করে ভারতীয় মাছ হিসেবেই বিক্রি করতে হবে। বাজারগুলোতে এ বিষয়ে নজরদারি করা হবে। প্রয়োজন হলে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযানও পরিচালনা করা হতে পারে।

