১০ থেকে ৩০ কাউন্টের তুলার সুতা আমদানিতে বন্ডেড গুদাম সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার। বিষয়টি আরও পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর স্থানীয় সুতা উৎপাদনকারীদের সুরক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামালের সরবরাহ নিশ্চিত করার কথা উল্লেখ করে ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড গুদাম সুবিধা প্রত্যাহারের জন্য এনবিআরকে অনুরোধ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।
সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি জানান, বিষয়টি সমাধানে বিজিএমইএ, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিরা শিগগিরই বৈঠকে বসবেন।
সুতা ও কাপড়ের মতো পোশাকশিল্পের কাঁচামাল আমদানিতে বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে স্থানীয় বস্ত্রকল মালিক ও পোশাক রপ্তানিকারকদের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছে। নতুন সিদ্ধান্তের মাধ্যমে আলোচনার ভিত্তিতে বিষয়টির সমাধানের পথ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

