সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই হিসাব করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর একদিনেই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯ কোটি ৩০ লাখ ডলার। এর আগে গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার।
অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে প্রবাসীরা মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।
গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১০৪ কোটি ৭০ লাখ ডলার বা ১৬ দশমিক ৯০ শতাংশ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

