সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন অবশেষে আজ (শনিবার) প্রকাশিত হতে পারে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদনের পর মন্ত্রিপরিষদ সচিব এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের আশ্বাস দিলেও তা পেরিয়ে গেছে প্রায় তিন সপ্তাহ। তবে এবার অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে বলে জানা গেছে। সরকারি সূত্র অনুযায়ী, প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে এবং বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) প্রজ্ঞাপন ছাপার কাজ শুরু করেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরের পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই গেজেট প্রকাশের কথা বলা হলেও সময় লেগে যাওয়ার পেছনে একটি বড় কারণ রয়েছে, এবার একটি প্রজ্ঞাপনে সব কিছু শেষ হচ্ছে না। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, নতুন পে স্কেল কার্যকর করতে মোট সাতটি পৃথক এসআরও বা বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ জারি করা হবে। এর মধ্যে প্রথমটি বেসামরিক প্রশাসনের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য। দ্বিতীয়টি পুলিশ বিভাগের সদস্যদের বেতন, ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নির্ধারণে প্রযোজ্য হবে। তৃতীয় এসআরও হবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য। চতুর্থ এসআরওর আওতায় থাকবেন সরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পঞ্চমটি হবে সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য। ষষ্ঠ এসআরও হবে সশস্ত্র বাহিনীর জন্য এবং সপ্তমটি হবে বিচার বিভাগ ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা ও বিচারকদের জন্য।
এত বেশি সংখ্যক পৃথক আদেশ তৈরি করতে গিয়ে স্বাভাবিকভাবেই সময় লেগেছে। অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামো প্রযোগে কারিগরি ও প্রশাসনিক পার্থক্য বিবেচনায় নিয়ে এসআরওগুলো প্রস্তুত করা হচ্ছে।
নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা। সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে, যা প্রায় ১৪২ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দাঁড়িয়েছে ১:৭.৮, যা আগে ছিল ১:৯.০৭৬।
নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ হাজার টাকা, দশম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা এবং দ্বাদশ গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে ২৪ হাজার ৩০০ টাকা করা হয়েছে। মূল বেতন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে, আর অন্যান্য ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। পেনশনভোগীদের ক্ষেত্রেও নিট পেনশনের ওপর ভিত্তি করে ৯ হাজার টাকা বা তার কম পেনশনধারীদের ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসছে। প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা মোবাইল ভাতা পাবেন। এছাড়া বয়সভেদে চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে, ৫০ বছর পর্যন্ত ৩ হাজার টাকা, ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা, ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা চালু হচ্ছে। তবে বাড়িভাড়া ভাতার হার শতাংশের হিসাবে কমছে। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়িভাড়া দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ৪০ থেকে ৬০ শতাংশে নামছে।
গেজেট প্রকাশের পাশাপাশি সরকারি বেতন-ভাতা ব্যবস্থাপনার সফটওয়্যার ‘আইবাস++’ এ প্রয়োজনীয় পরিবর্তনের কাজও চলছে। ২০১৫ সালের পে স্কেল কার্যকরের সময় এ সফটওয়্যার ছিল না। এবার নতুন বেতনকাঠামো ধাপে ধাপে কার্যকর হওয়ায় আইবাস++-এ বেতন পুনর্নির্ধারণ (ফিক্সেশন) ও নতুন হিসাব কাঠামো যুক্ত করা হচ্ছে। বিশেষ করে ইতিমধ্যে অবসরে যাওয়া সোয়া ৯ লাখ কর্মকর্তা-কর্মচারীর তথ্য এবং পেনশনের স্তর সমন্বয়ের কাজ চলছে।
নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বড় অঙ্কের বাড়তি অর্থের প্রয়োজন হবে। প্রায় ২৪ লাখ কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এ জন্য সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। এই বাড়তি ব্যয় মেটাতে সরকারকে ব্যাংক থেকে আরও বেশি ঋণ নিতে হতে পারে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কাটছাঁটের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জ্বালানি সংকটে উৎপাদন খাত এমনিতেই চাপে রয়েছে; এর মধ্যে সরকারের রাজস্ব আয়ও দুর্বল। এই পরিস্থিতিতে সরকারি বেতন বাড়ানোর ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সব মিলিয়ে, তিন সপ্তাহের দীর্ঘ অপেক্ষার পর আজ প্রজ্ঞাপন প্রকাশিত হলে সরকারি চাকরিজীবীদের নতুন স্কেলে বেতন ফিক্সেশন এবং বকেয়া পাওনা সমন্বয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এখন দেখার বিষয়, প্রজ্ঞাপনের তারিখ থেকে কত দ্রুত বেতন ফিক্সেশন সম্পন্ন হয় এবং কর্মচারীরা কত দ্রুত বর্ধিত বেতন হাতে পান।

