সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে এসব খাতের ব্যবসায়ীদের এনবিআরের নির্দিষ্ট ই-ভ্যাট পোর্টালের মাধ্যমেই রিটার্ন জমা দিতে হবে।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন আদেশে উৎপাদন পর্যায়ের আটটি পণ্য খাত এবং সেবা পর্যায়ের তিনটি খাত অন্তর্ভুক্ত হয়েছে। উৎপাদন খাতের তালিকায় আছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ। সেবা খাতের মধ্যে রয়েছে বিমা, ব্যাংকিং ও ব্যাংকবহির্ভূত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী।
আদেশে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসা বা সেবা কার্যক্রমে যুক্ত থাকলে, তাঁর ক্ষেত্রেও অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা সমানভাবে প্রযোজ্য হবে।
অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা-সংক্রান্ত আগের সব আদেশ এই বিজ্ঞপ্তির পর থেকে বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া প্রয়োজনে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত করা বা বিদ্যমান খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআর নিজেদের হাতে রেখেছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

