দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। টানা দুই দফা কমানোর পর বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পরিশোধিত সোনার দামের পরিবর্তনের কারণে নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম একই পরিমাণ কমিয়ে ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের দিন সোমবারও ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতিতে উৎপাদিত সোনার দাম এখন ভরি ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, বুধবারের এই সমন্বয়ের মাধ্যমে চলতি বছরে এখন পর্যন্ত ১২০ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৫৯ বার দাম বাড়ানো হয়েছে, ৬০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাটসংক্রান্ত সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, বুধবার রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার দাম ভরি ৪ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ১৪০ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৫৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরি ২ হাজার ৬৮২ টাকা রয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, স্থানীয় সরবরাহ এবং পরিশোধিত সোনার দামের ওঠানামার ওপর নির্ভর করে দেশের বাজারে সোনার দাম নিয়মিত পরিবর্তন হচ্ছে। ফলে ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য দামের এই ঘন ঘন পরিবর্তন এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

