বাংলাদেশে ব্যবসা করা বিদেশি কোম্পানিগুলো গত পাঁচ অর্থবছরে মুনাফা, লভ্যাংশ ও অন্যান্য আয় হিসেবে ৬১৫ কোটি ডলার বা ৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত দেশে কার্যক্রম পরিচালনাকারী দুই শতাধিক বিদেশি কোম্পানি এই অর্থ নিয়ে গেছে। অর্থ প্রত্যাবাসনের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে টেলিযোগাযোগ, তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ, তৈরি পোশাক ও বস্ত্র, ব্যাংক, বীমা ও আর্থিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলো।
তবে একই সময়ে দেশে ডলার সংকট, বৈদেশিক মুদ্রার চাপ এবং ব্যবসায়িক পরিবেশের নানা চ্যালেঞ্জের কারণে অনেক বিদেশি কোম্পানি নিয়মিত মুনাফা প্রত্যাবাসন করতে পারেনি।
২০২১-২২ অর্থবছরে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ১৩৮ কোটি ৪৭ লাখ ডলার প্রত্যাবাসন করে। পরের বছর ডলার সংকট তীব্র হওয়ায় এই পরিমাণ প্রায় ৫২ শতাংশ কমে ৬৬ কোটি ৫ লাখ ডলারে নেমে আসে।
২০২৩-২৪ অর্থবছরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে প্রত্যাবাসন বেড়ে দাঁড়ায় ১১১ কোটি ৯৫ লাখ ডলারে। এরপর ২০২৪-২৫ অর্থবছরে তা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ১৫২ কোটি ৪৩ লাখ ডলারে পৌঁছায়।
সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ১৪৬ কোটি ৩ লাখ ডলার প্রত্যাবাসন করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ২০২২ সালের মাঝামাঝি থেকে দেশে ডলার সংকট শুরু হয় এবং ২০২৩ সালে তা আরও তীব্র হয়। এর ফলে অনেক বিদেশি কোম্পানি কয়েক বছর তাদের মুনাফা দেশে পাঠাতে পারেনি।
পরবর্তীতে ২০২৫ সালের শুরুতে মুনাফা প্রত্যাবাসনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করা হলে আগের কয়েক বছরের জমে থাকা মুনাফার একটি অংশ একসঙ্গে প্রত্যাবাসন করা হয়। এ কারণে ২০২৪-২৫ অর্থবছরে অর্থ প্রত্যাবাসনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিদেশি কোম্পানিগুলোর বড় অঙ্কের মুনাফা প্রত্যাবাসন প্রমাণ করে যে বাংলাদেশে বিনিয়োগ করে ভালো মুনাফা করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, বিদেশি কোম্পানিগুলো শুধু মূলধন নিয়ে আসে না, তারা আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক অভিজ্ঞতাও নিয়ে আসে। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশীয় উদ্যোক্তারাও এগিয়ে যেতে পারেন।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ প্রত্যাবাসনকারী খাতগুলোর মধ্যে টেলিযোগাযোগ অন্যতম। গ্রামীণফোনের বিদেশি অংশীদার টেলিনর এবং রবি আজিয়াটার বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নিয়মিত লভ্যাংশ প্রত্যাবাসন করেছে।
তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতেও বিদেশি কোম্পানিগুলোর বড় ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক শেভরন বাংলাদেশ দেশের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্র পরিচালনা করছে।
শেভরনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে তাদের বিনিয়োগ ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি। দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনের বড় অংশও এই কোম্পানির আওতায় রয়েছে।
বিদ্যুৎ খাতের মধ্যে সিঙ্গাপুরভিত্তিক সামিট পাওয়ার ইন্টারন্যাশনালও অর্থ প্রত্যাবাসনের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি। প্রতিষ্ঠানটির অধীনে বাংলাদেশে একাধিক বিদ্যুৎকেন্দ্র পরিচালিত হচ্ছে।
তৈরি পোশাক ও বস্ত্র খাতেও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রত্যাবাসন করেছে। এর মধ্যে রয়েছে পোশাক শিল্পের লেবেল ও প্যাকেজিং সরবরাহকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পোশাক উৎপাদনকারী কোম্পানিগুলো।
ব্যাংক, বীমা ও আর্থিক খাতেও বিদেশি প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মেটলাইফসহ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।
তবে বিদেশি কোম্পানির মুনাফা প্রত্যাবাসন বাড়লেও নতুন বিদেশি বিনিয়োগের গতি নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগ শুধু অর্থের প্রবাহ নয়; এর মাধ্যমে প্রযুক্তি, দক্ষতা, রপ্তানি সক্ষমতা এবং স্থানীয় শিল্পের সঙ্গে সংযোগ তৈরি হওয়ার সুযোগ থাকে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর রিয়াজ বলেন, বিদেশি বিনিয়োগকারীরা মূলধনের পাশাপাশি প্রযুক্তি ও ব্যবস্থাপনার জ্ঞান নিয়ে আসে। রপ্তানি খাতে নতুন পণ্য ও বাজার তৈরিতেও তারা ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাক খাতের বিকাশে বিদেশি বিনিয়োগের ভূমিকা ছিল। তবে অন্যান্য খাতে স্থানীয় উদ্যোক্তা ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে বিদেশি বিনিয়োগের সংযোগ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে বিদেশি কোম্পানির মুনাফা করার সুযোগ থাকলেও নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসার পরিবেশ, নীতি স্থিতিশীলতা, অবকাঠামো এবং সহজ বিনিয়োগ প্রক্রিয়া আরও উন্নত করা প্রয়োজন। এতে বিদেশি বিনিয়োগ শুধু অর্থ প্রত্যাবাসনের উৎস না হয়ে দেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির মাধ্যম হতে পারে।

