ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা সমন্বয় ও নির্ধারণে জরুরি দাপ্তরিক নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক গত ১৭ সেপ্টেম্বর জারিকৃত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ বাস্তবায়নের ধারাবাহিকতায় ইসলামিক ফাউন্ডেশন এই সমন্বয় প্রক্রিয়ার কাজ ত্বরান্বিত করেছে।
ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগ থেকে মহাপরিচালকের আনুষ্ঠানিক অনুমোদনক্রমে বুধবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন এবং ইসলামিক মিশন হাসপাতালের রাজস্ব খাতের স্থায়ী কর্মীদের ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুযায়ী নতুন পে-ফিক্সেশন সম্পন্ন করতে হবে।
এই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে জুন ২০২৬ মাসের মূল বেতন বিবরণীসহ (পে-স্লিপ) প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি আগামী ১৪ অক্টোবর ২০২৬ (বুধবার)-এর মধ্যে অর্থ ও হিসাব বিভাগে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত আদেশে পে-ফিক্সেশন প্রক্রিয়াটি ত্রুটিমুক্ত করার উদ্দেশ্যে দুটি পৃথক নির্ধারিত ফরম ও নমুনা ফরম যুক্ত করে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ১ম থেকে ৯ নম্বর গ্রেড এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা জুলাই ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিগত তিন মাসের বকেয়া বেতন ও ভাতাদি সঠিকভাবে হিসাব করে দাবি করতে পারবেন।
এছাড়া পিআরএল গ্রহণকারী এবং পিআরএলে গমনমুখী কর্মচারীদের বিষয়ে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন মেয়াদের মধ্যে যাদের পিআরএল শেষ বা শুরু হবে, নতুন পে-স্কেল অনুযায়ী তাদের চূড়ান্ত আর্থিক সুবিধা ও পাওনা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকেই সরাসরি নিষ্পত্তি করা হবে।

