বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়নে উঠে এসেছে—দুর্বল বিনিয়োগ, কমে যাওয়া কর্মসংস্থান, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং ধীর প্রবৃদ্ধির কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ অব্যাহত রয়েছে। প্রতিবেদন প্রকাশের পর দেশের ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে দ্রুত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি প্রত্যাশিত গতিতে ঘুরে দাঁড়াতে পারেনি। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার পর ব্যবসা ও বিনিয়োগে যে গতি আসবে বলে আশা করা হয়েছিল, তা এখনো দেখা যায়নি। এর পেছনে জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা, ঋণ প্রবাহের ধীরগতি এবং বিনিয়োগের অনিশ্চয়তাকে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক বিশ্বব্যাংকের মূল্যায়নের সঙ্গে অনেকাংশে একমত পোষণ করেছেন। তিনি বলেন, প্রবৃদ্ধির হার নিয়ে মতভেদ থাকতে পারে, তবে বিনিয়োগ ও অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংকের দেওয়া তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তার মতে, বিনিয়োগ বাড়াতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দিকে। নতুন গ্যাসক্ষেত্র দ্রুত উৎপাদনে আনা এবং নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৪ শতাংশে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল প্রায় ২ দশমিক ২ শতাংশ, যা করোনা মহামারির পর সবচেয়ে কম ত্রৈমাসিক প্রবৃদ্ধির একটি। এর আগে ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, প্রবৃদ্ধি কমার অন্যতম প্রধান কারণ বিনিয়োগে স্থবিরতা। ২০২৫-২৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ কমেছে ০ দশমিক ৫ শতাংশ এবং সরকারি বিনিয়োগ কমেছে ০ দশমিক ৭ শতাংশ। একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হারও নেমেছে রেকর্ড নিম্ন পর্যায়ে।
জ্বালানি সংকট শিল্প উৎপাদনের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। অনেক কারখানা প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় সক্ষমতার তুলনায় কম উৎপাদন করছে। কিছু প্রতিষ্ঠান উৎপাদন সময় কমিয়েছে, আবার কিছু ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বিনিয়োগের পরিবেশ বর্তমানে অনুকূল নয়। তার মতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রথমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ এবং বন্দর ব্যবস্থার দক্ষতা বাড়ানো জরুরি।
বিশ্বব্যাংক জানিয়েছে, শিল্প খাতে প্রবৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২ শতাংশে নেমে এসেছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প উৎপাদন ০ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে, যা করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো ত্রৈমাসিক সংকোচন।
জ্বালানি খাতও অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের মতে, দেশের মোট গ্যাস চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ এখন আমদানিনির্ভর। কয়েকটি বড় গ্যাসক্ষেত্র ও মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে।
অন্যদিকে মূল্যস্ফীতির চাপও কাটেনি। গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৭ শতাংশে এলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩ শতাংশ।
অর্থনীতির আরেক বড় দুর্বলতা হিসেবে উঠে এসেছে ব্যাংক খাতের সংকট। বিশ্বব্যাংক বলেছে, খেলাপি ঋণ বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় ঝুঁকি। ২০২৪ সালের ডিসেম্বরের ২০ দশমিক ২ শতাংশ থেকে ২০২৬ সালের জুনে খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।
ইসলামী ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ৪৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। একই সময়ে ব্যাংক খাতের মূলধন অনুপাত ২০২৫ সালের ডিসেম্বরে নেতিবাচক ২ দশমিক ৬ শতাংশে নেমেছে, যেখানে নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম হার ১০ শতাংশ।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও কমে ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। ২০২৬ সালের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৫ শতাংশ। বিপরীতে সরকারের ঋণ গ্রহণ বেড়ে ৩০ দশমিক ৪ শতাংশ হয়েছে।
নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক অর্থনীতিবিদ ড. বিরু পাক্ষ পাল বলেন, শক্তিশালী বিনিয়োগ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার সম্ভব নয়। তিনি নীতি পর্যালোচনা, প্রয়োজনীয় সংস্কার এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে নতুন করে কার্যকর যোগাযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।
তবে সব সূচকই নেতিবাচক নয়। প্রবাসী আয় অর্থনীতির জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করছে। গত অর্থবছরে বাংলাদেশ রেকর্ড ৩৫ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে সহায়তা করেছে।
বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবাহকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রূপ দিতে হলে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। অর্থনীতির বর্তমান সংকট কাটাতে দ্রুত ও কার্যকর সংস্কারই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

