ইসলামী অর্থনীতি এখন শুধু সুদমুক্ত ব্যাংকিং, হালাল পণ্য বা ইসলামি বন্ডের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার ও মানবকল্যাণের ভিত্তিতে অর্থনীতি পরিচালনার একটি বিস্তৃত দর্শন হিসেবে একে ব্যাখ্যা করা হচ্ছে। এই ধারণার প্রবক্তাদের মতে, বাজারব্যবস্থা, ব্যক্তিমালিকানা, উদ্যোক্তা সৃষ্টি ও মুনাফার সুযোগ অক্ষুণ্ন রেখেও অর্থনীতিকে নৈতিক মূল্যবোধের অধীনে চালানো সম্ভব। এ ধারণাকেই বলা হচ্ছে ‘আধ্যাত্মিক পুঁজিবাদ’ বা ‘স্পিরিচুয়াল ক্যাপিটালিজম’। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
দেশের ব্যাংকিং খাতে সুশাসনের ঘাটতি রয়েছে। খেলাপি ঋণের চাপ বাড়ছে, আয়বৈষম্য প্রকট হচ্ছে, শিক্ষিত তরুণেরা কর্মসংস্থানের সংকটে পড়ছেন, আর দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগও সীমিত। এই প্রেক্ষাপটে নৈতিকতাভিত্তিক অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে।
এই দর্শনের ভিত্তি হিসেবে তাওহিদ, খিলাফাহ, আমানাহ, আদল ও ইহসানের মতো মৌলিক ধারণার কথা বলা হয়। এসব ধারণা অনুযায়ী, সম্পদ অর্জনের অধিকার থাকলেও তা কীভাবে ব্যবহৃত হবে, সে বিষয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব আছে। সম্পদকে শুধু ব্যক্তিগত ভোগের উপকরণ হিসেবে দেখা হয় না, সামাজিক কল্যাণ ও দায়িত্ব পালনের মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়। এ ব্যবস্থায় ন্যায়বিচার হলো অর্থনৈতিক লেনদেনের ন্যূনতম শর্ত। আর ইহসান, অর্থাৎ উৎকর্ষ ও কল্যাণের চেষ্টা, হলো উচ্চতর মানদণ্ড।
জাকাতের মাধ্যমে সম্পদের একটি অংশ দরিদ্র মানুষের অধিকার হিসেবে গণ্য হয়। ওয়াক্ফের মতো প্রতিষ্ঠান ঐতিহাসিকভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ছাড়া রিবা বা সুদের নিষেধাজ্ঞা এবং ঝুঁকি ভাগাভাগির নীতিও এই ব্যবস্থার কেন্দ্রে। অর্থায়নকারী ও উদ্যোক্তা ব্যবসার ঝুঁকি ও সাফল্য ভাগ করে নেবেন, এটাই ধারণা। এর উদ্দেশ্য অর্থায়নকে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখা এবং ন্যায্য লেনদেনকে উৎসাহিত করা।
প্রচলিত পুঁজিবাদের সঙ্গে এর পার্থক্য কোথায়, সে প্রশ্নেও ব্যাখ্যা এসেছে। ইসলামী অর্থনীতি বাজারব্যবস্থা, ব্যক্তিমালিকানা বা মুনাফাকে প্রত্যাখ্যান করে না। সৎ ব্যবসা, চুক্তির প্রতি শ্রদ্ধা, প্রতিযোগিতা ও সম্পদ সৃষ্টিকে সে স্বীকৃতি দেয়। তবে মুনাফাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের একমাত্র লক্ষ্য হিসেবে দেখার বিরোধিতা করে। মূল কথা হলো, মুনাফা বৈধ ও প্রয়োজনীয় হলেও প্রতারণা, শোষণ বা সামাজিক ক্ষতির বিনিময়ে তা অর্জন করা উচিত নয়। সম্পদের মালিকানা ব্যক্তির হলেও তার ব্যবহার হতে হবে সমাজের প্রতি দায়িত্বশীল। তাই একে নিছক পুঁজিবাদ বা সমাজতন্ত্রের বিকল্প হিসেবে না দেখে বাজার, নৈতিকতা ও সামাজিক দায়িত্বের সমন্বিত কাঠামো হিসেবে ব্যাখ্যা করা হয়।
তবে এই ধারার সমালোচনাও আছে। অর্থনীতিবিদ তিমুর কুরান সমালোচকদের মধ্যে উল্লেখযোগ্য। তাঁর মতে, ইসলামী অর্থনীতি নিয়ে প্রচলিত অনেক আলোচনা বাস্তব অর্থনৈতিক সমস্যার কার্যকর সমাধান দিতে পারেনি। তাঁর সমালোচনায় উঠে এসেছে, এ ধারার কিছু গবেষণায় বৈজ্ঞানিক বিশ্লেষণের চেয়ে ধর্মীয় উপদেশ ও পরিচয়ভিত্তিক আলোচনা প্রাধান্য পেয়েছে।
এর জবাবে প্রস্তাব করা হয়েছে, ইসলামী অর্থনীতিকে পরীক্ষাযোগ্য গবেষণার ভিত্তিতে গড়ে তুলতে হবে। কোরআন ও হাদিসে বর্ণিত সততা, ন্যায়বিচার, পারস্পরিক আস্থা এবং দরিদ্রের প্রতি দায়িত্বশীলতার মতো বিষয়কে অর্থনৈতিক ফলাফলের সঙ্গে সম্পর্কিত গবেষণাযোগ্য অনুমান হিসেবে দেখা যেতে পারে। যেমন যেসব সমাজে ব্যবসায়িক সততা, চুক্তি পালনের প্রবণতা ও প্রাতিষ্ঠানিক দানব্যবস্থা শক্তিশালী, সেখানে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা বেশি কি না, তা পরিসংখ্যান ও অর্থনৈতিক গবেষণার মাধ্যমে যাচাই করা সম্ভব। এ জন্য সুস্পষ্ট গবেষণা মডেল, নির্ভরযোগ্য তথ্য, অর্থমিতিক বিশ্লেষণ এবং সহকর্মী বিশেষজ্ঞদের পর্যালোচনার জন্য ফলাফল উন্মুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি ধর্মীয় পণ্ডিত ও অর্থনীতিবিদদের যৌথ গবেষণার ওপরও জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশে এই সম্ভাবনা কাজে লাগাতে চারটি ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব এসেছে। ইসলামী ব্যাংকিংয়ে প্রকৃত ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা জোরদার করা গেলে অর্থায়ন উৎপাদনশীল কর্মকাণ্ডের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে। করজে হাসানা বা সুদমুক্ত কল্যাণমূলক ঋণ সম্প্রসারণ করলে নিম্নআয়ের মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা অর্থায়নের সুযোগ বেশি পাবেন। জাকাত ও ওয়াক্ফ ব্যবস্থাকে স্বচ্ছ ও পেশাদারভাবে পরিচালনার জন্য কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, যাতে সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এসবের ভূমিকা বাড়ে। আর সুকুক বাজারকে সড়ক, বন্দর, বিদ্যুৎ ও আবাসনের মতো বাস্তব অবকাঠামো প্রকল্পের অর্থায়নের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার কথাও বলা হয়েছে।
এর বাইরে জাতীয় উন্নয়ন পরিমাপের পদ্ধতি নিয়েও প্রস্তাব এসেছে। জিডিপির পাশাপাশি মানুষের জীবনমান, শিক্ষা, পারিবারিক কল্যাণ, সম্পদের নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারকেও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
ইসলামী অর্থনীতির প্রবক্তাদের ভাষ্য, লক্ষ্য আধুনিক বাজারব্যবস্থাকে বাতিল করা নয়। বরং নৈতিকতা, জবাবদিহি ও সামাজিক কল্যাণের মাধ্যমে একে আরও মানবিক করা। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে করা অর্থনৈতিক দাবিগুলো তথ্য-উপাত্ত দিয়ে যাচাই করাও জরুরি।
বাংলাদেশে বিপুল তরুণ জনগোষ্ঠী আছে, উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা আছে, আর ন্যায়সংগত অর্থনৈতিক সুযোগের চাহিদাও বাড়ছে। এই বাস্তবতায় আলোচনাটি নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। তবে ধারণাটির সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে কার্যকর নীতি, সুশাসন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং গবেষণায় প্রাপ্ত ফলাফলের ওপর। বাস্তবে ইসলামী ব্যাংকিং খাতেও সুশাসনের ঘাটতি ও খেলাপি ঋণের চাপ দেখা গেছে। তাই শুধু ধারণা নয়, বাস্তবায়নের মানই হবে আসল পরীক্ষা।
সব মিলিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও নৈতিক দায়িত্বকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী না ভেবে পরিপূরক হিসেবে প্রতিষ্ঠা করাই আধ্যাত্মিক পুঁজিবাদ ধারণার মূল কথা। এখন দেখার বিষয়, নীতিনির্ধারক ও গবেষকেরা এই আলোচনাকে তাত্ত্বিক পর্যায় থেকে বাস্তব সংস্কারে নিয়ে যেতে পারেন কি না।

