বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এ জন্য দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘স্মার্ট কৃষি, ভাগাভাগির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর সং ইয়াং।
সেমিনারে কৃষিযন্ত্র, বীজ উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক কৃষিপ্রযুক্তি নিয়ে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়। এতে দুই দেশের সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
সং ইয়াং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ৫১ বছরের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। দুই দেশের নেতৃত্বের দিকনির্দেশনায় পারস্পরিক বোঝাপড়া, উন্নয়ন ও উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতা সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, উভয় দেশের অর্থনীতিতেই কৃষির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কৃষি খাতে সহযোগিতার পরিসর বেড়েছে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত কৃষিপদ্ধতির ব্যবহার এ খাতে আরও অগ্রগতি অর্জনে সহায়তা করতে পারে।
বাংলাদেশের বাজার, স্থানীয় চাহিদা ও নীতিমালা সম্পর্কে ধারণা পেতে এ ধরনের আয়োজন চীনা ব্যবসায়ীদের সহায়তা করবে বলেও উল্লেখ করেন সং ইয়াং। তাঁর আশা, আধুনিক কৃষি খাতে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগ উভয় দেশের মানুষের সমৃদ্ধি এবং পারস্পরিক উন্নয়নে ভূমিকা রাখবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরোর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

