বাংলাদেশে জিডিপি বা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্য হারে বাড়লেও তার সাথে সামঞ্জস্য রেখে সাধারণ মানুষের জন্য নতুন কর্মসংস্থান বা মানসম্মত চাকরি তৈরি হচ্ছে না। দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় শুধু সার্বিক প্রবৃদ্ধির অংক বাড়ানোর বদলে পর্যাপ্ত ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিকে মূল কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সংস্থাটির পলিসি রিসার্চ ওয়ার্কিং পেপার সিরিজে প্রকাশিত ‘স্ট্রাকচারাল শিফট ইন জব ক্রিয়েশন: এভিডেন্স ফ্রম বাংলাদেশ’ শীর্ষক বিশ্বব্যাংকের এক গবেষণাপত্রে বাংলাদেশের শ্রমবাজারের এই হতাশাজনক ও কাঠামোগত দুর্বলতার তথ্য উঠে এসেছে।
বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ নাজমুস সাদাত খানের পরিচালনাধীন এই গবেষণায় দেখানো হয়েছে যে, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশে গড়ে বার্ষিক ৬.৪ শতাংশ হারে প্রকৃত জিডিপি বাড়লেও কর্মসংস্থান সৃষ্টির হার ছিল অত্যন্ত ধীর গতিসম্পন্ন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির বিপরীতে মোট কর্মসংস্থান সৃষ্টির স্থিতিস্থাপকতা যেখানে ছিল ০.৪৪, সেখানে ২০১৭ থেকে ২০২৪ সালে এসে তা আশঙ্কাজনকভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ০.২৭-এ। অর্থনীতিতে কর্মসংস্থান স্থিতিস্থাপকতা দিয়ে মূলত বোঝানো হয়; উৎপাদন বা জিডিপি ১ শতাংশ বাড়লে শ্রমবাজারে নতুন কর্মসংস্থান কত শতাংশ যুক্ত হয়। স্থিতিস্থাপকতার মান টানা কমে যাওয়া এটাই প্রমাণ করে যে, দেশের সামগ্রিক প্রবৃদ্ধির লাভ সাধারণ মানুষের কর্মসংস্থানে খুব একটা রূপ নিচ্ছে না।
সবচেয়ে আশঙ্কাজনক চিত্র দেখা গেছে দেশের শিল্প ও উৎপাদনশীল বা ম্যানুফ্যাকচারিং খাতে। গবেষণার তথ্যমতে, ২০১৭ থেকে ২০২৪ সময়কালে শিল্প খাতের কর্মসংস্থান স্থিতিস্থাপকতা নেমে এসেছে ঋণাত্মক ০.০৪-এ, যা ২০০৩ থেকে ২০১০ সালে ছিল ০.৮৪। একইভাবে সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন খাতের স্থিতিস্থাপকতাও ঋণাত্মক ০.১০-এ নেমেছে। অর্থাৎ, সাম্প্রতিক বছরগুলোতে কলকারখানা ও শিল্প খাতের উৎপাদন বা রেভিনিউ বাড়লেও নতুন কর্মী নিয়োগের হার উল্টো কমেছে। অটোমেশন, এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সস্তা শ্রমের ওপর অতি-নির্ভরতার কারণেই শিল্প উৎপাদন বাড়া সত্ত্বেও নতুন কর্মসংস্থানের দরজা সংকুচিত হয়ে আসছে।
পরিস্থিতি মোকাবিলায় শুধু আনুষ্ঠানিক ডিগ্রি বা সনদের পেছনে না ছুটে শিক্ষা ও কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক শ্রমবাজার ও শিল্পের প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ বা ফলাফলভিত্তিক করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের মূল বক্তব্য হলো; শুধুমাত্র কতটি কর্মসংস্থান তৈরি হচ্ছে সেই সংখ্যা গণনা করলেই চলবে না, বরং সেগুলো কতটা উৎপাদনশীল, নিরাপদ ও মানসম্মত, নীতিনির্ধারকদের সেই লক্ষ্যকেও নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। যেসসব শিল্পখাত বিপুল কর্মসংস্থান তৈরি করতে সক্ষম, সেগুলোকে সরাসরি কর ছাড়, প্রযুক্তিগত প্রণোদনা এবং সহজ শর্তে ঋণ দিয়ে উৎসাহিত করার জোরালো সুপারিশ করা হয়েছে।

