দেশীয় সুতা উৎপাদনশিল্পের বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে কয়েকটি নীতিগত পরিবর্তনের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে বিটিএমএ ১০ থেকে ৩০ ইংলিশ কাউন্টের তুলার সুতা আমদানিতে প্রচলিত বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখা, ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির ব্যবস্থা অব্যাহত রাখা এবং স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানায়।
সংগঠনটির ভাষ্য, দেশের প্রাথমিক বস্ত্রশিল্প, বিশেষ করে সুতা উৎপাদন খাতে প্রায় ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ, বিস্তৃত উৎপাদন অবকাঠামো ও বিপুল কর্মসংস্থান জড়িত। এ খাতের উৎপাদন ও আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ সুতা ও বস্ত্রকল পুনরায় চালু করা, বিদ্যমান কর্মসংস্থান রক্ষা এবং নতুন চাকরির সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায় বাড়ানো এবং খেলাপি ঋণের চাপ কমাতেও সহায়তা মিলতে পারে।
১০ থেকে ৩০ ইংলিশ কাউন্টের তুলার সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তকে নতুন করে শুল্ক আরোপ বা আমদানিতে নিষেধাজ্ঞা হিসেবে দেখছে না বিটিএমএ। সংগঠনটির মতে, জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ অনুযায়ী প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির সুযোগ রয়েছে।
বিটিএমএর দাবি, ব্যাংক সাধারণত তহবিলবহির্ভূত দায়ের আওতায় এ ধরনের গ্যারান্টি দেওয়ায় আমদানিকারকের কার্যকরী মূলধনের ওপর বাড়তি চাপ পড়ার আশঙ্কা নেই।
সংগঠনটি মনে করে, এ ব্যবস্থা বন্ড সুবিধার অপব্যবহার রোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং দেশি-বিদেশি সুতার মধ্যে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে পারে। আমদানি করা সুতা অনুমোদিত কাজে ব্যবহারের প্রমাণ নির্ধারিত সময়ে জমা না দিলে বিধি অনুযায়ী গ্যারান্টির অর্থ আদায় এবং রপ্তানি ও আয় প্রত্যাবাসন যাচাইয়ের পর তা অবমুক্ত করার প্রস্তাবও দিয়েছে তারা।
বিটিএমএর মতে, ডিজিটাল নজরদারি ও ঝুঁকিভিত্তিক নিরীক্ষার মাধ্যমে বৈধ রপ্তানি কার্যক্রম সচল রেখেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।
নন-বন্ডেড শিল্পের ব্যাংক গ্যারান্টিভিত্তিক কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে বিটিএমএ। পাশাপাশি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী সময়ের প্রস্তুতি হিসেবে পর্যায়ক্রমে স্থানীয় মূল্য সংযোজন ৪০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার উপযোগী নীতিকাঠামো তৈরির প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
এ ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান, উৎপত্তিবিধি এবং প্রযোজ্য ক্ষেত্রে দুই ধাপের রূপান্তরসংক্রান্ত শর্ত বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
বিটিএমএর মতে, এ ধরনের নীতি দেশীয় শিল্পের সক্ষমতা ও স্থানীয় মূল্য সংযোজন বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে পারে।
বিটিএমএ বলেছে, দেশীয় সুতা উৎপাদনশিল্পের বিনিয়োগ ও সক্ষমতা রক্ষা এবং রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল সরবরাহ—দুটি লক্ষ্য পরস্পরবিরোধী নয়। ভারসাম্যপূর্ণ নীতি, স্বচ্ছ বাস্তবায়ন ও কার্যকর নজরদারির মাধ্যমে উভয় খাতের টেকসই বিকাশ সম্ভব।
শিল্পায়ন, কর্মসংস্থান, রাজস্ব সুরক্ষা এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ-পরবর্তী প্রতিযোগিতা সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রস্তাবগুলো পর্যালোচনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিটিএমএর মতে, দেশীয় সুতা উৎপাদন ও তৈরি পোশাকশিল্প একে অপরের পরিপূরক। উভয় খাতের সক্ষমতা বাড়াতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি নীতিকাঠামো গ্রহণ করা গেলে তা দেশের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান, ব্যাংকঋণ আদায় এবং রপ্তানি প্রবৃদ্ধিতে সহায়ক হতে পারে।

