সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের মধ্যে মুনাফা বিতরণের অনুমোদন দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ২০২৫–২৬ অর্থবছরে এসব স্কিমে বিনিয়োগের বিপরীতে ১১ দশমিক ৬৮ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জিত হয়েছে।
সোমবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমগুলোর বিনিয়োগ থেকে মোট ২৮ কোটি ৯৭ লাখ টাকা মুনাফা হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী গ্রাহকদের ব্যক্তিগত পেনশন হিসাব বা করপাস হিসাবে মুনাফার অর্থ জমা করা হবে। প্রত্যেক গ্রাহকের জমার পরিমাণ এবং কত দিন ধরে তিনি চাঁদা দিয়েছেন, তার ভিত্তিতে মুনাফা বণ্টন করা হবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো, গ্রাহকদের জমা অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং বিনিয়োগ থেকে যুক্তিসংগত মুনাফা অর্জনের লক্ষ্যে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, মুনাফা বণ্টনের ফলে গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং সর্বজনীন পেনশন কর্মসূচির অগ্রগতিতেও এটি ভূমিকা রাখবে।

