ফ্রান্সকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশি প্রসেসড ফুড ও প্রথাগত খাদ্যপণ্যের বাজার। ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের ঘরোয়া স্বাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের বড় বড় খাদ্য উৎপাদকদের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সরবরাহ চেইন গড়ে তুলেছে বেসরকারী আমদানিকারক প্রতিষ্ঠান ‘সিকে ফ্রোজেন ফুড’।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, বর্তমানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির দৈনন্দিন খাদ্যপণ্যের চাহিদার প্রায় ৮০ শতাংশই পূরণ করছে তারা। হিমায়িত মাছ, স্থানীয় শাকসবজি, তৈরি পরোটা ও দেশীয় পিঠা থেকে শুরু করে চাল, ডাল, বিস্কুট এবং বিভিন্ন পানীয়; ইউরোপীয় বাজারের নিরাপত্তা ও মানদণ্ড মেনে নিয়মিত বাজারজাত করা হচ্ছে। এই বিতরণ প্রক্রিয়ার মাধ্যমে ফ্রান্সে শতাধিক বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
প্যারিস থেকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ফ্রান্সের অভ্যন্তরীণ বিভিন্ন শহরের পাশাপাশি পার্শ্ববর্তী পর্তুগাল, বেলজিয়াম, স্পেন এবং ইতালির বাজারেও দেশীয় খাদ্যপণ্য সরবরাহ বজায় রেখেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান; যেমন কাজী ফার্মস, প্রাণ, ইফাদ, স্কয়ার, মাসুদ এগ্রো ও প্যারাগন ফুড অ্যান্ড অ্যাগ্রোর মতো বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী ব্র্যান্ডগুলোর তৈরি পণ্য ইউরোপের প্রবাসী ভোক্তা ও সুপারশপগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের তথ্যমতে, ইউরোপ ও যুক্তরাজ্য জোনে সিইও মাহাতাব উদ্দিন চৌধুরী, গ্লোবাল সিইও মোহাম্মদ রমজান আলী খান এবং উত্তর আমেরিকা জোনে আবদুর রহমান বিশ্বাস সামগ্রিক আন্তর্জাতিক বাণিজ্য তদারকি করছেন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের দায়িত্বশীল পরিচালকদের সমন্বয়ে এটি পরিচালিত হচ্ছে।

