বাংলাদেশে আবাদি জমি কমলেও বাড়ছে ধানের উৎপাদন। বন্যা, খরা ও লবণাক্ততার মতো জলবায়ুজনিত প্রতিকূলতা মোকাবিলায় উপযোগী জাতের ধানবীজ উদ্ভাবন ও সম্প্রসারণে এই অগ্রগতি সম্ভব হচ্ছে। তবে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ধরে রাখতে শুধু উন্নত বীজ নয়, কৃষিজমির সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষাও জরুরি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে দেশে আউশ, আমন ও বোরো ধানের মোট আবাদি জমি প্রায় ২ শতাংশ কমেছে। একই সময়ে ধানের উৎপাদন বেড়েছে প্রায় ৮ শতাংশ। আর একরপ্রতি গড় ফলন বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে একরপ্রতি ফলন ছিল ১ হাজার ৩০১ কেজি, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৩৫ কেজিতে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের বিভিন্ন অঞ্চলের উপযোগী ধানের জাত সম্প্রসারণ করছে কৃষি বিভাগ। সাতক্ষীরার উপকূলীয় গাবুরা ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাটির লবণাক্ততার কারণে যেখানে ধান চাষ কঠিন ছিল, সেখানে এখন নতুন জাতের ধান চাষ করছেন কৃষকেরা। গ্রামের কৃষক আবদুল ওয়াহাব তিন বিঘা জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি ধান-৪৯ পরীক্ষামূলকভাবে চাষ করেছেন। তিনি জানান, চারাগুলো ভালো রয়েছে এবং ১৫ থেকে ২০ দিনের মধ্যে ফসল কাটার আশা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠসেবা উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান, অঞ্চলভেদে কৃষকদের চাহিদা ও প্রাকৃতিক দুর্যোগের ধরন বিবেচনায় নিয়ে উন্নত জাতের বীজ সরবরাহ করা হচ্ছে। উপকূলীয় লবণাক্ত এলাকায় ব্রি ধান-৪৭, ব্রি ধান-৫৫, ব্রি ধান-৬১, ব্রি ধান-৬৭, বিনা ধান-৮ ও বিনা ধান-১০ চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। অন্যদিকে, বন্যাপ্রবণ এলাকায় ব্রি ধান-৫১ ও ব্রি ধান-৫২ চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। জাত দুটি আমন মৌসুমে সাত থেকে ১৪ দিন পানিতে ডুবে থাকার পরও টিকে থাকতে পারে। হাওর এলাকায় আগাম বন্যার ঝুঁকি কমাতে স্বল্পমেয়াদি জাত এবং খরাপ্রবণ এলাকায় বিনা ধান-৭, ব্রি ধান-৫৬ ও ব্রি ধান-৫৭ সম্প্রসারণ করা হচ্ছে।
শুধু ধানের ফলন বাড়ানো নয়, বীজ উৎপাদনেও পরিবর্তন দেখা যাচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে আউশ ধানের বীজ উৎপাদন ছিল ৪ হাজার ৫৭৬ দশমিক ৭৭ টন
। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৯ দশমিক ৯১ টনে। একই সময়ে আমন ধানের বীজ উৎপাদনও বেড়েছে। তবে বোরো ধানের ইনব্রিড ও হাইব্রিড বীজের উৎপাদন ৬৫ হাজার ৪৪৩ দশমিক ৮৬ টন থেকে কমে ৫২ হাজার ৭২০ টনে নেমেছে। ওই অর্থবছরে বোরো ধানের বীজ বিতরণের পরিমাণ ছিল ৫৯ হাজার ৫৪৭ দশমিক ২১ টন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ফিরোজ মাহমুদ বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের কারণে কৃষিজমি কমছে। তাই কম জমিতে বেশি খাদ্য উৎপাদনের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিয়ে উন্নত জাত উদ্ভাবন ও কৃষকের কাছে তা পৌঁছে দেওয়া জরুরি। তবে ফলন বাড়াতে অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার যেন পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট না করে, সেদিকেও নজর রাখতে হবে।
একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহিদ জেবা বলেন, উন্নত জাতের বীজের মাধ্যমে খরা, লবণাক্ততা ও বন্যাপ্রবণ এলাকাতেও ধান চাষের সুযোগ তৈরি হচ্ছে। তবে নতুন জাতের ধান থেকে সংরক্ষণ করা বীজ পরবর্তী মৌসুমে রোপণ করলে সব সময় একই ফলন পাওয়া যায় না। তাই ধারাবাহিকভাবে উন্নত মানের বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। ধানের পাশাপাশি অন্যান্য ফসলেও রোগবালাই ও প্রতিকূল আবহাওয়া সহনশীল জাত উদ্ভাবন করা গেলে দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

