রাজধানীর বাজারে মুরগি ও ডিম কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে প্রায় তিন মাস ধরে। সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও এ দুই পণ্যের দামে স্বস্তি নেই। এর মধ্যে সরু চাল ও পেঁয়াজের দামও নতুন করে বেড়েছে। সম্প্রতি প্রতি কেজি সরু চালের দাম প্রায় ২ টাকা এবং পেঁয়াজের দাম ৫ টাকা বেড়েছে।
দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি চলছে।ছুটি কাটাতে অনেকে ঢাকা ছাড়ায় বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও তেজতুরী বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রথম আলো।
বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম কেজিতে ৩২০ থেকে ৩৫০ টাকা। এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের ডিম প্রতি ডজন ১৫০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, গত কয়েক মাসে একাধিকবার মুরগির খাদ্যের দাম, বিদ্যুৎ বিল ও গাড়িভাড়াসহ বিভিন্ন খরচ বেড়েছে। এ কারণেই মুরগি ও ডিমের দাম কমছে না।
গত এক মাসে সাবান ও ডিটারজেন্টের মতো বেশ কিছু মোড়কজাত পণ্যের দামও বেড়েছে। কোনো কোনো পণ্যের ওজনও কমানো হয়েছে। যেমন, পরিচিত একটি ব্র্যান্ডের ১ কেজির ডিটারজেন্টের প্যাকেটের দাম এ মাসের শুরুতে ছিল ১৯৫ টাকা, গতকাল তা ২২০ টাকায় বিক্রি হয়েছে। মাসখানেক আগে বহুল ব্যবহৃত একটি গায়ে মাখা সাবানের ১০০ গ্রামের দাম ছিল ৫৫ টাকা। এখন সেটির ওজন কমিয়ে ৯০ গ্রাম করা হয়েছে, আর দাম বাড়িয়ে করা হয়েছে ৬৫ টাকা।

