মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের শীর্ষ প্রতিষ্ঠান বিকাশের মুনাফা ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উল্লেখযোগ্যভাবে কমেছে, যদিও এ সময়ে প্রতিষ্ঠানটির আয় কিছুটা বেড়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ অনিরীক্ষিত অন্তর্বর্তী আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে।
ব্র্যাক ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে ১৪৭ কোটি ৪৫ লাখ টাকা নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৯৭ কোটি ৭ লাখ টাকা, অর্থাৎ মুনাফা কমেছে ২৫ শতাংশ।
অন্যদিকে, প্রতিষ্ঠানটির আয় বেড়েছে। আলোচ্য প্রান্তিকে নিট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭০৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫১ শতাংশ বেশি।
বিকাশ জানিয়েছে, পরিচালন ও প্রশাসনিক ব্যয় বাড়ার কারণেই মূলত নিট মুনাফা কমেছে।
তবে নয় মাসের হিসাবে চিত্র তুলনামূলক ইতিবাচক। ২০২৬ সালের জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৫৫৯ কোটি টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫০৪ কোটি ৭৮ লাখ টাকা। একই সময়ে ক্রমপুঞ্জিত নিট আয় বেড়ে হয়েছে ৫ হাজার ৩৯৮ কোটি টাকা, যা গত বছর ছিল ৪ হাজার ৮৩৭ কোটি টাকা।

