১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার ও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ নিয়ে আগের আদেশগুলোর ব্যাখ্যা স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন স্পষ্টীকরণে বলা হয়েছে, এসব আদেশে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা বলতে ১০ থেকে ৩০ সিঙ্গেল কাউন্টের সুতা বোঝানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জারি করা আদেশে বিষয়টি স্পষ্ট করা হয়। এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: রপ্তানি ও বন্ড) কাজী রায়হানুজ্জামান স্বাক্ষরিত আদেশটি কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ রক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহ সহজ করার লক্ষ্যে নির্দিষ্ট ধরনের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে এনবিআর। তবে ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টি দিয়ে আমদানির সুযোগ রাখা হয়। পরবর্তী সময়ে ৮ অক্টোবর আগের আদেশে সংশোধনী আনা হয়।
আগের আদেশ অনুযায়ী, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাভুক্ত সুতার ক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রযোজ্য। ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুবিধা পেতে সংশ্লিষ্ট রপ্তানিকারকদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। নতুন স্পষ্টীকরণে মূলত ১০ থেকে ৩০ কাউন্টের সুতার সংজ্ঞা নির্দিষ্ট করা হয়েছে।

