পূজার ছুটিতে কমে যাওয়া ডিমের দাম আবার বেড়েছে। অন্যদিকে রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় এর দাম কিছুটা কমেছে।
শুক্রবার খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হয়েছে। কয়েক দিন আগে তা ১৪০ থেকে ১৪৫ টাকা ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পশ্চিম ধানমন্ডির মুদি দোকানি আবদুল জলিল বলেন, ছুটির পর ডিমের চাহিদা বেড়েছে। তার ভাষ্য, খামারমালিকেরা এখন প্রতি ১০০ ডিমে ১০০ থেকে ১২০ টাকা বেশি নিচ্ছেন।
শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে সবজির দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। গত এক সপ্তাহে শীতের সবজির সরবরাহ বাড়ায় এসব সবজির দাম কমেছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, মুলা কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা এবং দেশি শিম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে দাম প্রায় ১০ টাকা কমেছে। আদাবর বাজারের সবজি বিক্রেতা ইবাদুল্লাহ বলেন, গত এক সপ্তাহে শীতের সবজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে দাম কিছুটা কমেছে।
গ্রীষ্মকালীন শেষ মৌসুমের সবজি, যেমন ঝিঙা, চিচিঙ্গা, পটোল, ঢেঁড়স, ধুন্দল ও করলা কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে করলা ও বেগুনের দাম তুলনামূলক বেশি, কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকা।
বাজারে নতুন পাকা ও কাঁচা টমেটো আসতে শুরু করেছে। পাকা টমেটো কেজিপ্রতি ১৩০ থেকে ১৫০ টাকা এবং কাঁচা টমেটো ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা হয়েছে। সোনালি মুরগির দামও কমে ৩৩০ থেকে ৩৫০ টাকায় নেমেছে, যা আগে ছিল ৩৬০ থেকে ৩৮০ টাকা।
এদিকে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লিটারপ্রতি ২০৪ টাকা হলেও অনেক ব্যবসায়ী ২১০ থেকে ২১২ টাকা নিচ্ছেন। মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিংয়ের মুদি দোকানি রাশেদুল ইসলাম মিলটন বলেন, কোম্পানিগুলো খুচরা দোকানে নিয়মিত তেল সরবরাহ করছে না, পাশাপাশি খুচরা বিক্রেতাদের মুনাফার হারও কমিয়েছে। ফলে বিভিন্ন পাইকারি বাজার থেকে তুলনামূলক বেশি দামে কিনতে হচ্ছে বলে তার দাবি।
রাজধানীর অন্যতম প্রধান পাইকারি কেন্দ্র মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানান, সয়াবিন তেল পরিশোধনকারী কোম্পানিগুলো আবারও লিটারপ্রতি ১৪ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। মৌলভীবাজারের ব্যবসায়ী আবদুর রশিদ বলেন, আকিজ, সিটি, বিইওএল, বসুন্ধরাসহ বিভিন্ন কোম্পানি সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় বাজারে তেলের সরবরাহ সীমিত রাখছে।
বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত এক সপ্তাহে চাল, আটা, চিনি, লবণ, ডাল, মাংস ও মাছের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে।
সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

