রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ায় কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটিতে এলএনজি পুনঃগ্যাসীকরণ বা রিগ্যাসিফিকেশন চালু হয়। এতে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, শনিবার রাত ৮টা পর্যন্ত জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৫৯৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এসেছে ১ হাজার ৫৭৭ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে আমদানি করা এলএনজি পুনঃগ্যাসীকরণের মাধ্যমে সরবরাহ হয়েছে ১ হাজার ১৬ মিলিয়ন ঘনফুট।
সামিটের টার্মিনালে রক্ষণাবেক্ষণের কারণে গত ৪ নভেম্বর সকাল ৮টা থেকে রিগ্যাসিফিকেশন বন্ধ ছিল। এ সময় আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পেট্রোবাংলা অবশ্য আগেই জানিয়েছিল, এ সময়ে দেশজুড়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না, তবে কিছু এলাকায় স্বল্পচাপ দেখা দিতে পারে।
শনিবার টার্মিনালটি চালুর পর দুপুর থেকেই বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বাড়তে থাকে। রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর বাসিন্দা একরামুল বাশার বাসসকে জানান, দিনের বেলায় তাঁর বাসায় গ্যাসের চাপ কম থাকলেও বিকেলের পর পরিস্থিতির উন্নতি হয়েছে। রাতে চুলায় স্বাভাবিকভাবে গ্যাস পাওয়া যাচ্ছিল।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, টার্মিনালটির রিগ্যাসিফিকেশন পুনরায় শুরু হওয়ায় আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহের পরিমাণ বেড়েছে। ফলে রক্ষণাবেক্ষণজনিত সাময়িক সরবরাহ বিঘ্ন কাটিয়ে দুই টার্মিনালই আবার কার্যক্রমে ফিরেছে।

