বিশ্বের ১৭৬টি দেশে এক কোটির বেশি বাংলাদেশি কর্মরত থাকলেও আকাশপথের এই বিশাল বাজারের সুফল ঘরে তুলতে পারছে না দেশ। গত বছর বাংলাদেশ থেকে ১ কোটি ২৬ লাখের বেশি আন্তর্জাতিক যাত্রী আকাশপথে যাতায়াত করেছেন। প্রবাসী কর্মীদের চলাচল, পর্যটন, বাণিজ্য ও শিক্ষাসহ নানা প্রয়োজনে এই বাজার ক্রমেই বড় হচ্ছে।
কিন্তু এর সিংহভাগ নিয়ন্ত্রণ করছে বিদেশি এয়ারলাইনস। ফলে যাত্রী পরিবহনের আয় ও বৈদেশিক মুদ্রার বড় অংশ চলে যাচ্ছে দেশের বাইরে। এর প্রভাব পড়ছে অর্থনীতিতেও। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এভিয়েশন খাতের অবদান মাত্র ১ শতাংশের কাছাকাছি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে চলতি মূল্যে দেশের জিডিপির আকার ৫০১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) বলছে, বাংলাদেশের জিডিপিতে এভিয়েশন খাত প্রত্যক্ষভাবে অবদান রাখছে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা জিডিপির দশমিক ৫৮ শতাংশ। অর্থনীতিতে কোনো খাতের প্রভাব মাপার দুটি প্রধান সূচক কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপিতে অবদান। এভিয়েশনের ক্ষেত্রে এয়ারলাইনস, বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান, বিমানবন্দরের বিভিন্ন ব্যবসা, এয়ার নেভিগেশন সেবাদাতা এবং উড়োজাহাজ নির্মাতাদের সরাসরি অবদান ধরা হয়। আইএটিএর ২০২৩ সালের হিসাবে সব ধরনের পরোক্ষ অবদান যোগ করলে এই খাতের অবদান দাঁড়ায় ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ১ দশমিক ২ শতাংশ।
আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় এই চিত্র বেশ করুণ। আইএটিএর হিসাবে ২০২৩ সালে শ্রীলঙ্কার জিডিপিতে এভিয়েশন খাতের অবদান ছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির ৪ দশমিক ৪ শতাংশ। ফিলিপাইনে এই অবদান ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ৪ দশমিক ৬ শতাংশ। ভিয়েতনামে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৪ দশমিক ১ শতাংশ। থাইল্যান্ডে ৩৫ দশমিক ১ বিলিয়ন ডলার বা ৬ দশমিক ৮ শতাংশ। আর হংকংয়ে ৩৭ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৯ দশমিক ৯ শতাংশ।
গন্তব্যের সংখ্যাতেও পিছিয়ে বাংলাদেশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি আন্তর্জাতিক গন্তব্য মাত্র ২৮টি। অন্যদিকে ভিয়েতনামের গন্তব্য ৭২টি, ফিলিপাইনের ৭৪টি, শ্রীলঙ্কার ৪৫টি, থাইল্যান্ডের ২২০টি এবং হংকংয়ের ১৭১টি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে, প্রবাসীদের যাতায়াত ছাড়াও পর্যটন, বাণিজ্য ও শিক্ষার প্রয়োজনে বিপুলসংখ্যক যাত্রী আন্তর্জাতিক রুটে ভ্রমণ করেন। কিন্তু এই বাজারের ৭৫ থেকে ৮০ শতাংশই বিদেশি এয়ারলাইনসের দখলে। দেশীয় এয়ারলাইনসের বাজার অংশ ক্রমাগত কমছে। ১৯৯০ সালে আন্তর্জাতিক যাত্রী পরিবহনের প্রায় ৫৯ শতাংশ ছিল দেশীয় প্রতিষ্ঠানগুলোর হাতে। তিন দশকে তা কমে নেমেছে ২৫ শতাংশে। অথচ একই সময়ে যাত্রীবাজারের আকার বেড়েছে বহুগুণ।
সম্ভাবনাও কম নয়। আইএটিএর পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের এভিয়েশন বাজারে বার্ষিক যাত্রী প্রবৃদ্ধি ৮ থেকে ১০ শতাংশ। এই ধারা অব্যাহত থাকলে আগামী দুই দশকে খাতটির প্রবৃদ্ধি ১৬৮ শতাংশ হতে পারে। ২০৩৮ সালের মধ্যে বছরে যাত্রী প্রস্থানের সংখ্যা আরও ১ কোটি ২১ লাখ বেড়ে তিন কোটিতে পৌঁছাতে পারে। এতে জিডিপিতে বাড়তি ২ দশমিক ১ থেকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার যুক্ত হতে পারে। একই সঙ্গে ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ২২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন মনে করেন, এভিয়েশন খাতের অর্থনৈতিক অবদান বাড়াতে শুধু বিমান পরিবহনকেন্দ্রিক উদ্যোগ যথেষ্ট নয়। পর্যটন, প্রবাসী যাত্রী পরিবহনসহ সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে সমন্বিত জাতীয় পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি কৌশল দরকার। পাশাপাশি এয়ারলাইনসগুলোর পরিচালন সক্ষমতা বাড়াতে হবে। তাঁর মতে, উড়োজাহাজ বাড়লে ফ্লাইটের পরিধি ও আয় দুটিই বাড়বে। আকাশসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ওভারফ্লাইট চার্জ আদায় এবং বিদ্যমান ব্যবস্থার কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমেও রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে।
দেশীয় এয়ারলাইনসের সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উড়োজাহাজ সংগ্রহ ও পরিচালনার ব্যয়, রক্ষণাবেক্ষণ, জ্বালানি এবং নতুন রুট চালুর জন্য প্রয়োজনীয় বিনিয়োগের ঘাটতি। পর্যাপ্ত উড়োজাহাজ ও আর্থিক সক্ষমতা না থাকায় আন্তর্জাতিক বাজারে তাদের অংশীদারত্ব বাড়ছে না।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, সক্ষমতার ঘাটতির কারণেই আন্তর্জাতিক যাত্রী পরিবহনের বড় অংশ বিদেশি এয়ারলাইনসের হাতে চলে যাচ্ছে। বাংলাদেশের ৫৫টি দেশের সঙ্গে এয়ার সার্ভিস চুক্তি থাকলেও দেশীয় এয়ারলাইনস মাত্র ২০-২১টি দেশে ফ্লাইট চালায়। এই সীমাবদ্ধতা কাটাতে বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএস-বাংলা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা করছে। নতুন গন্তব্যে ফ্লাইট সম্প্রসারণ এবং দক্ষ পাইলট ও প্রকৌশলী তৈরিতেও বিনিয়োগ চলছে। তাঁর মতে, সক্ষমতা বাড়াতে পারলে আন্তর্জাতিক যাত্রী পরিবহনে দেশীয় এয়ারলাইনসের অংশ ৫০ শতাংশের কাছাকাছি নেওয়া সম্ভব। এতে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাওয়ার প্রবণতা কমবে, বিদেশি বাজার থেকেও আয়ের সুযোগ তৈরি হবে। এ জন্য বিমানবন্দর ও রুট ব্যবহারের চার্জ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবিও জানান তিনি।
এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম বলেন, ইথিওপিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের নিজস্ব এয়ারলাইনস আন্তর্জাতিক যাত্রী পরিবহনে ৫০ থেকে ৭০ শতাংশ অংশ ধরে রেখেছে। তাই আগামী ১০ বছরে বাংলাদেশেরও এই অংশ ৪০ থেকে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া উচিত। তাঁর মতে, এ জন্য শুধু উড়োজাহাজ বাড়ালেই হবে না। বিমানবন্দর ও টার্মিনালের সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ, আধুনিক সিমুলেটর স্থাপন এবং হোটেল-মোটেল ও পর্যটন খাতের সঙ্গে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নীতিগত দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাকেও বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এয়ারএশিয়া ও কুয়েত এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট প্রতিষ্ঠান টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান কেএম মজিবুল হক বলেন, খাতটিকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে না দেখে এতদিন মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ঘিরেই আলোচনা ও পরিকল্পনা হয়েছে। প্রতিষ্ঠানটির মুনাফা, ঋণ ও বকেয়া নিয়ে কথা হলেও পুরো শিল্পের উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়নি। তাঁর মতে, দেশের এভিয়েশন বাজারে যাত্রীসংখ্যা ২ কোটি ৫০ লাখে উন্নীত করার সুযোগ রয়েছে। সেটি কাজে লাগাতে হলে একটি এয়ারলাইনসের বদলে পুরো শিল্পের সক্ষমতা ও বাজার সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
সরকারের পরিকল্পনা জানতে গতকাল একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। তবে গত শুক্রবার এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আন্তর্জাতিক বিমান নিরাপত্তার মানদণ্ড পূরণ সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন উড়োজাহাজ সংগ্রহ, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু এবং ঢাকাকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য। ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রামের অডিটে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নতি প্রশংসিত হয়েছে বলে বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে অবকাঠামোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ায় বিভিন্ন অ্যারোনটিক্যাল চার্জ নতুন করে নির্ধারণের পরিকল্পনা করছে বেবিচক। প্রস্তাবিত কাঠামোয় উড়োজাহাজের ল্যান্ডিং চার্জ ও প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি ২৫ শতাংশ এবং রুট নেভিগেশন চার্জ ১০ শতাংশ বাড়ানোর কথা রয়েছে। বিদেশগামী যাত্রীদের এমবার্কেশন ফি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬ ডলার এবং অভ্যন্তরীণ ফ্লাইটে ২৫ থেকে ১০০ টাকা করার প্রস্তাবও আছে। কার্যকর হলে এয়ারলাইনসের পরিচালন ব্যয় ও যাত্রীদের ভ্রমণ খরচ দুটিই বাড়বে।
তবে চার্জ বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব করা হয়নি বলে জানিয়েছেন বেবিচকের সদস্য (অর্থ) মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, সিদ্ধান্ত নিলে এয়ারলাইনসগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সর্বশেষ ২০১৩ সালে কিছু চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছিল। তৃতীয় টার্মিনাল চালু হলে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়বে। তখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সব মিলিয়ে যাত্রী আছে, বাজার আছে, প্রবৃদ্ধির সম্ভাবনাও আছে। কিন্তু উড়োজাহাজ, বিনিয়োগ, চার্জ কাঠামো ও সমন্বিত নীতির অভাবে সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। দেশীয় এয়ারলাইনসের সক্ষমতা না বাড়লে প্রবাসীদের যাতায়াত থেকে আসা বিপুল আয় বিদেশি প্রতিষ্ঠানের ঝুলিতেই যেতে থাকবে।

