দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন নারী শ্রমিকেরা। আশির দশকে এ শিল্পের প্রতি ১০ জন শ্রমিকের আটজনই ছিলেন নারী। কিন্তু চার দশকের ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। কারখানায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিয়োগের ধরনে পরিবর্তন এবং মজুরি ও অন্যান্য আর্থিক সুবিধার কারণে পুরুষ শ্রমিকের অংশগ্রহণ বাড়ছে। অন্যদিকে কমছে নারীদের কর্মসংস্থানের সুযোগ।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে পোশাকশিল্পের মোট শ্রমিকের প্রায় ৮০ শতাংশ ছিলেন নারী। ১৯৯৫ সালে এই হার কমে ৭৬ শতাংশ এবং ২০০৫ সালে ৭০ শতাংশে দাঁড়ায়। জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের হিসাবে, ২০১০ সালে পোশাকশিল্পে নারী শ্রমিকের অংশ ছিল ৬৩ দশমিক ৪ শতাংশ।
সর্বশেষ ২০২৫-২৬ সালের জরিপেও নারী শ্রমিকের অংশ কমে আসার চিত্র পাওয়া গেছে। বিজিএমইএর পরিবেশ, সামাজিক ও সুশাসনবিষয়ক তথ্য প্রকাশের প্ল্যাটফর্মে প্রকাশিত জরিপ অনুযায়ী, ৩২৬টি কারখানার ৫ লাখ ৮৪ হাজারের বেশি শ্রমিকের মধ্যে নারী ছিলেন ৫৪ দশমিক ২ শতাংশ।
তবে বিজিএমইএর সামগ্রিক তথ্যভাণ্ডার অনুযায়ী, দেশে বর্তমানে তৈরি পোশাকশিল্পে প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে নারীর অংশ প্রায় ৬৫ শতাংশ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের পরিচালিত ‘ম্যাপড ইন বাংলাদেশ’ প্রকল্পের তথ্যেও নারীর অংশগ্রহণ কমে আসার প্রবণতা দেখা যায়। প্রকল্পটির আওতায় ৩ হাজার ৩২০টি রপ্তানিমুখী পোশাক কারখানার প্রায় ৩০ লাখ শ্রমিকের তথ্য রয়েছে। তাঁদের মধ্যে নারী শ্রমিক ১৭ লাখের কিছু বেশি, যা মোট শ্রমিকের প্রায় ৫৭ শতাংশ।
সরকারি পরিসংখ্যানেও একই প্রবণতার ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পলিসি ল্যাব জানিয়েছে, ২০১৬-১৭ সালের তুলনায় ২০২৪ সালে পোশাকশিল্পে নারী শ্রমিকের কর্মসংস্থান কমেছে প্রায় ২ লাখ ২৬ হাজার।
যদিও এসব জরিপের আওতা ও তথ্য সংগ্রহের পদ্ধতি আলাদা, দীর্ঘমেয়াদে পোশাকশিল্পে নারীদের অংশগ্রহণ কমার প্রবণতা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
নারী শ্রমিকের সংখ্যা ও অংশগ্রহণ কমে যাওয়ার পেছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে সন্তান লালন-পালনের দায়িত্ব, পারিবারিক চাপ, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, বয়স এবং প্রযুক্তিগত পরিবর্তন।
জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের যৌথ গবেষণায় দেখা গেছে, সন্তান দেখাশোনা, গর্ভধারণ এবং পরিবার ও কর্মজীবনের মধ্যে সমন্বয় করতে না পারায় অনেক নারী পোশাকশিল্পের চাকরি ছেড়ে দেন। ২০২২ সালে ৩৩৭টি কারখানা এবং বর্তমান, সাবেক ও সম্ভাব্য নারী শ্রমিকদের ওপর জরিপ ও সাক্ষাৎকারের মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারের মতে, পোশাকশিল্পে নারীদের কর্মসংস্থান ধরে রাখতে কারখানার পাশাপাশি পারিবারিক দায়িত্বের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। অনেক নারী শ্রমিককে কারখানায় কাজ শেষে ঘরের কাজ ও সন্তানদের দেখাশোনার দায়িত্ব পালন করতে হয়।
তিনি বলেন, কারখানায় পর্যাপ্ত ও মানসম্মত শিশুযত্ন কেন্দ্র এবং নারীবান্ধব কর্মপরিবেশ না থাকায় অনেকেই চাকরি চালিয়ে যেতে পারেন না।
এদিকে পোশাক কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় শ্রমিক নিয়োগের ধরনও বদলে যাচ্ছে। আগে যেসব কাজে বিপুলসংখ্যক শ্রমিকের প্রয়োজন হতো, সেসব কাজের অনেকগুলো এখন আধুনিক যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
বিশেষ করে সুতা কাটা, সহায়ক কাজ এবং উৎপাদনের বিভিন্ন ধাপে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে। একই সঙ্গে যন্ত্র পরিচালনা ও প্রযুক্তিনির্ভর কাজে দক্ষ শ্রমিকের চাহিদাও তৈরি হচ্ছে।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের অভিযোগ, নতুন প্রযুক্তি চালু হলেও নারী শ্রমিকদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না। ফলে অনেক নারী নতুন যন্ত্রপাতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না এবং কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়ছেন।
তাঁর মতে, প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে নারী শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগও নিতে হবে। শুধু নতুন যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, শ্রমিকদের প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
তবে পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন, নারীদের অংশগ্রহণ কমার পেছনে প্রযুক্তিই একমাত্র কারণ নয়। বয়স, উৎপাদনব্যবস্থার পরিবর্তন এবং বিভিন্ন বিভাগের কাজের ধরনও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, নির্দিষ্ট বয়সের পর অনেক নারী শ্রমিক পোশাকশিল্পের চাকরি ছেড়ে দেন। অন্যদিকে পুরুষ শ্রমিকেরা তুলনামূলক বেশি বয়স পর্যন্ত কাজ চালিয়ে যান।
তিনি জানান, নিটিং ও ডায়িংয়ের মতো বিভাগে আগে থেকেই নারী শ্রমিকের অংশগ্রহণ কম। নতুন স্বয়ংক্রিয় যন্ত্রপাতির কারণে সোয়েটার ও নিটিং খাতেও নারীদের কাজের সুযোগ সীমিত হচ্ছে। ফলে নারী শ্রমিকদের কর্মসংস্থান মূলত সেলাই ও ফিনিশিং বিভাগে বেশি কেন্দ্রীভূত থাকছে।
নারীদের কর্মসংস্থান কমে যাওয়ার বিষয়টি অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য উদ্বেগজনক বলে মনে করেন বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক।
তাঁর মতে, একই পরিবারের পুরুষ সদস্য পোশাকশিল্পে চাকরি পেলে অনেক ক্ষেত্রে নারী সদস্যকে বাইরে কাজ করতে নিরুৎসাহিত করা হয়। এতে পরিবারের কর্মসংস্থান ও অর্থনৈতিক সিদ্ধান্তে পুরুষের প্রাধান্য বাড়তে পারে।
নারীদের নিজস্ব আয় কমে গেলে পরিবারে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে তাঁদের ভূমিকা সংকুচিত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করেন তিনি।
অন্যদিকে পোশাকশিল্পে পুরুষ শ্রমিকের অংশগ্রহণ বাড়ার পেছনে মজুরি ও অতিরিক্ত আয়ের সুযোগকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন উদ্যোক্তারা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, মূল মজুরির পাশাপাশি দুই থেকে তিন ঘণ্টা অতিরিক্ত কাজের পারিশ্রমিক, হাজিরা বোনাস এবং অন্যান্য সুবিধা মিলিয়ে পোশাকশিল্পে শ্রমিকদের আয়ের সুযোগ বেড়েছে। এতে অন্য খাত থেকেও পুরুষ শ্রমিকেরা পোশাকশিল্পে আসছেন।
তাঁর মতে, প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি এই আর্থিক সুবিধাগুলোও পুরুষ শ্রমিকের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখছে।
তবে নারীদের কর্মসংস্থান কমে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন না বিজিএমইএ সভাপতি। তাঁর মতে, পুরুষদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক বেশি থাকলেও নারীদের ক্ষেত্রে তা সীমিত। ফলে পোশাকশিল্পে নারীদের অংশগ্রহণ কমে যাওয়া তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য উদ্বেগের বিষয়।
কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও কর্মপরিবেশের বিষয়টিও আলোচনায় এসেছে। কিছু কারখানা মালিকের দাবি, শ্রম অসন্তোষে পুরুষ শ্রমিকদের অংশগ্রহণ তুলনামূলক বেশি। তবে এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য ভিন্ন। নারী শ্রমিক নেতাদের মতে, উৎপাদন লাইনে নারীদের উপস্থিতি বেশি হলেও তত্ত্বাবধায়ক ও উচ্চতর পদে তাঁদের সুযোগ এখনো সীমিত।
প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৈষম্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন শ্রমিক প্রতিনিধিরা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হকের মতে, পোশাকশিল্পে মজুরি বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং উৎপাদনশীলতার চাহিদা নারী-পুরুষের কর্মসংস্থানের অনুপাত পরিবর্তনে ভূমিকা রাখছে।
তিনি জানান, পরিবেশগত মান, বিদ্যুৎ ও বিভিন্ন আন্তর্জাতিক সনদের শর্ত পূরণ করতে গিয়ে কারখানাগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে উদ্যোক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।
তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, প্রযুক্তিনির্ভর কাজে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার কারণে পুরুষ শ্রমিকেরা নিয়োগের ক্ষেত্রে তুলনামূলক সুবিধা পাচ্ছেন। তবে এটি সব নারী বা পুরুষ শ্রমিকের দক্ষতার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।
এনামুল হকের মতে, প্রযুক্তির উন্নয়নে কোনো কোনো পণ্যের উৎপাদন এক দশকের ব্যবধানে প্রায় চার গুণ বা তারও বেশি হয়েছে। তবে উৎপাদন বাড়ার সঙ্গে শ্রমিকদের মজুরি একই হারে বৃদ্ধি পায় না।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রধান রপ্তানি খাতে নারীদের দীর্ঘদিনের অবদান ধরে রাখতে হলে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাঁদের দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে মানসম্মত শিশুযত্ন কেন্দ্র, নিরাপদ কর্মপরিবেশ, পদোন্নতির সুযোগ এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
এসব উদ্যোগ নেওয়া না হলে পোশাকশিল্পে নারীদের কর্মসংস্থান আরও সংকুচিত হতে পারে। এর প্রভাব শুধু শ্রমবাজারেই নয়, নারীদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক ক্ষমতায়নের ওপরও পড়তে পারে।

