দেশের বস্ত্রশিল্পের ওপর করের চাপ কমাতে আয়কর হার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাব অনুযায়ী, কমানো এই করহার ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এ লক্ষ্যে একটি প্রজ্ঞাপনের খসড়া তৈরি করে অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অর্থমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে শিগগিরই এ-সংক্রান্ত সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করা হবে।
রপ্তানি ও কর্মসংস্থান সুরক্ষা এবং বস্ত্রশিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আয়কর আইনের ৭৬(১) ধারার আওতায় করহার কমানোর সুপারিশ করেছে এনবিআর।
প্রস্তাবিত সুবিধার আওতায় সুতা উৎপাদন, সুতা রং করা, ফিনিশিং, কোনিং, কাপড় রং করা, ছাপানোসহ বস্ত্রশিল্পের বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে ২০১৫ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ১০ বছর মেয়াদে ১৫ শতাংশ আয়কর নির্ধারণ করেছিল এনবিআর। ওই সুবিধার মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার পর করহার আবার ২৭ দশমিক ৫ শতাংশে ফিরে যায়।
চলতি বছরের মে মাসে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ২০৩০ সাল পর্যন্ত বস্ত্র খাতের আয়কর ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়। সংগঠনটি যুক্তি দেখায়, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য আয়কর হার ১২ শতাংশ হলেও বস্ত্র খাতকে তুলনামূলক বেশি কর দিতে হচ্ছে।
তবে চলতি অর্থবছরের বাজেট প্রণয়নের আগে বিটিএমএর ওই প্রস্তাব বিবেচনায় নেয়নি এনবিআর। এবার শিল্পটির বিদ্যমান সংকট বিবেচনায় নতুন করে করহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ
গত ৫ নভেম্বর অর্থমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে বস্ত্রশিল্পের বিভিন্ন সংকট তুলে ধরেছে এনবিআর।
সংস্থাটি জানিয়েছে, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জ্বালানির অপর্যাপ্ত সরবরাহ, ব্যাংকঋণের উচ্চ সুদহার এবং রপ্তানি প্রণোদনা কমে যাওয়ায় দেশের বস্ত্রকলগুলো আর্থিক চাপে রয়েছে।
পাশাপাশি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ বাড়ার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
এনবিআরের মতে, প্রতিবেশী দেশগুলো থেকে ভর্তুকিপ্রাপ্ত সুতা ও কাপড় আমদানির কারণে দেশীয় বস্ত্রকলগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ উৎপাদন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এর ফলে অধিকাংশ বস্ত্রকল তাদের মোট উৎপাদন সক্ষমতার মাত্র ৬০ থেকে ৭০ শতাংশ ব্যবহার করতে পারছে।
উৎপাদন কমে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোর চলতি মূলধনের ওপর চাপ বাড়ছে এবং অনেক কারখানা আর্থিক লোকসানের ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছে এনবিআর।
সুতা আমদানির সিদ্ধান্তের পর নতুন উদ্যোগ
বস্ত্র খাতে কর কমানোর প্রস্তাব এমন এক সময়ে এসেছে, যখন সুতা আমদানি নিয়ে দেশীয় বস্ত্রকল ও তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় বন্ডেড ওয়্যারহাউস সুবিধায় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক করেছিল।
তবে তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের আপত্তির পর ওই নির্দেশনা স্থগিত করা হয়।
এ পরিস্থিতিতে দেশীয় বস্ত্রকলগুলোর প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে আয়কর কমানোর উদ্যোগ নিয়েছে এনবিআর।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রস্তাবিত করহার কার্যকর হলে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ কিছুটা কমবে। পাশাপাশি উৎপাদন কার্যক্রম সচল রাখা, কর্মসংস্থান ধরে রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
তবে আয়কর ১৫ শতাংশে নামানোর প্রস্তাব এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। অর্থমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হলেই নতুন করহার কার্যকর হওয়ার পথ তৈরি হবে।

