শুল্কমুক্ত কাঁচামাল আমদানির বন্ড সুবিধার আড়ালে নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠান বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সংস্থাটির হিসাবে, প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকা। রপ্তানিমুখী শিল্পের বিকাশে সরকার যে সুবিধা দেয়, তার অপব্যবহারে কাঁচামাল উধাও হওয়া, মজুতের হিসাবে গরমিল এবং উৎপাদনের বাইরে পণ্য চলে যাওয়ার মতো অনিয়ম ধরা পড়েছে।
আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় সিআইআইডির একাধিক প্রিভেন্টিভ টিম। অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
অভিযোগ ছিল, বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আনা সুতা, কাঁচামাল ও রাসায়নিক অনুমোদিত উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা পণ্যের প্রকৃত পরিমাণ যাচাই করা হয়।
সিআইআইডি জানায়, গুদামে থাকা সুতা, কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামালের মজুতের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। পরে এনবিআরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে আমদানির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয় প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক চিত্র পাওয়া যায়।
প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফাঁকির তথ্য মিলেছে সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে, প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে আছে জাহিন নীটওয়্যার্স লিমিটেড, যাদের বিরুদ্ধে ফাঁকির পরিমাণ ৬৪ কোটি ৬১ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার তথ্য পাওয়া গেছে।
বাকি তিন প্রতিষ্ঠানের মধ্যে বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে।
এনবিআরের ভাষ্য অনুযায়ী, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও কাপড়ের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটিতে ঘোষিত হিসাবের চেয়ে বেশি পণ্য মজুত থাকার তথ্যও মিলেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকির দিকেই ইঙ্গিত করছে।
বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম রাখা। এ সুবিধায় শুল্কমুক্তভাবে আনা কাঁচামাল নির্ধারিত উৎপাদন ও রপ্তানির কাজে না লাগিয়ে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বড় অঙ্কের রাজস্ব হারায়। একই সঙ্গে যাঁরা শুল্ক-কর দিয়ে কাঁচামাল আমদানি করেন, সেই বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
সিআইআইডি জানিয়েছে, অভিযানের সময় আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেসব তথ্য আরও যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে। প্রাথমিকভাবে পাওয়া ফাঁকির অঙ্ক চূড়ান্ত তদন্তে বদলে যেতে পারে বলেও জানানো হয়েছে।
তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ ও রাজস্ব ফাঁকি ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এই অভিযানের তথ্য এমন সময় সামনে এল, যখন বন্ড সুবিধায় সুতা আমদানির শর্ত নিয়ে পোশাক ও বস্ত্রখাতে তীব্র মতভেদ চলছে। বন্ডের অপব্যবহার ঠেকাতে কী ধরনের নজরদারি ও জামানতব্যবস্থা কার্যকর হবে, সে প্রশ্নে এ ঘটনা নতুন মাত্রা যোগ করতে পারে। তবে প্রাথমিক হিসাব চূড়ান্ত তদন্তে কতটা টিকবে এবং দোষী প্রমাণিত হলে কী শাস্তি হবে, তার ওপরই নির্ভর করছে এই অনিয়মের প্রকৃত পরিণতি।

