সাভারের চামড়াশিল্প নগরীতে গিয়েও যেসব ট্যানারি এখনো উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সরকার। তবে পরিবেশ-সংক্রান্ত নিয়ম না মানলে কোনো ট্যানারিকে চালানোর অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ বুধবার রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ ও নেদারল্যান্ডসের সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। সিবিআই ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
মন্ত্রী জানান, গত বছর চামড়া ও চামড়াবহির্ভূত পণ্য মিলিয়ে দেশ থেকে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এ খাতের জন্য গুরুত্বপূর্ণ বাজার, আর প্রতিবেশী ভারতও বড় ক্রেতা হয়ে উঠছে। হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি সরানোয় দীর্ঘ দেরি এ খাতের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়েছে বলে তিনি মনে করেন।
পরিবেশ নিয়ে কড়াকড়ির বিষয়ে মন্ত্রী বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) বসানো বাধ্যতামূলক হবে। সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদও নিতে হবে। এর পাশাপাশি শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট বসানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে জিডিপিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। বৈষম্য কমাতে তা অন্তত ৬০ শতাংশে নিতে হবে। জটিল কাগজপত্র ও প্রক্রিয়ার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংকঋণ পান না। এ সমস্যা কাটাতে এসএমই ফাউন্ডেশন নতুনভাবে সাজানো হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ।
নেদারল্যান্ডসের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়ায় ডাচ অভিজ্ঞতা বাংলাদেশের প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডসও বক্তব্য দেন। সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

