‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই পঙ্ক্তিতে সমাজ ও সভ্যতা গঠনে নারী-পুরুষের সমান অবদানের কথা উঠে এসেছে। কিন্তু সময়ের পরিবর্তনে শ্রমবাজার যত আধুনিক হচ্ছে, উভয়ের অবস্থান কি একই আছে নাকি পাল্টে গেছে চিত্র?
বাংলাদেশে মেয়েদের সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ইউজিসির ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর ৪৮% নারী অর্থাৎ প্রায় অর্ধেকই এখন নারী। অথচ, নারী স্নাতকদের বেকারত্বের হার পুরুষ সহপাঠীদের প্রায় দ্বিগুণ।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী। শুধু তা-ই নয়, একই শ্রমবাজারে কাজ করে পুরুষের তুলনায় গড়ে ২২ থেকে ২৫ শতাংশ কম মজুরি পান বাংলাদেশের নারীরা।
ডিগ্রি হাতে, কিন্তু চাকরি কোথায়?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে নারী স্নাতকদের বেকারত্বের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করেও প্রতি পাঁচজন নারী স্নাতকের একজনের বেশি বেকার। ২০২৪ সালে দেশে বেকার নারী স্নাতকের সংখ্যা ছিল প্রায় ৩ লাখ ২৮ হাজার।
শুধু চাকরি না পাওয়াই নয়, যারা কাজ করছেন, তাদের কর্মসংস্থানের মানও উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইএলওস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের কর্মরত নারীদের ৯৫ দশমিক ৯৭ শতাংশ অনানুষ্ঠানিক কর্মসংস্থানে যুক্ত ছিলেন।
অর্থাৎ প্রায় ১০০ জন কর্মজীবী নারীর মধ্যে ৯৬ জনই অনানুষ্ঠানিক কর্মসংস্থানে রয়েছেন। এ ধরনের কাজে অনেকেরই নিয়মিত আয়, সামাজিক সুরক্ষা ও চাকরির নিশ্চয়তা থাকে না। কৃষি, পারিবারিক ব্যবসা কিংবা ক্ষুদ্র উদ্যোগে অনেক নারী কাজ করলেও তাদের শ্রমের যথাযথ আর্থিক স্বীকৃতি মেলে না।
এই বাস্তবতা ভবিষ্যতের শ্রমবাজার নিয়েও প্রশ্ন তৈরি করছে। উচ্চশিক্ষা অর্জনের পরও নারীরা যদি যোগ্যতা অনুযায়ী কাজ না পান, তাহলে এর প্রভাব অর্থনীতিতেই পড়ে।
শ্রমশক্তিতে অংশগ্রহণ: বাড়ার পর আবার কমল
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভিন্ন বছরের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০০২-০৩ সালে এই হার ছিল ২৬ দশমিক ১ শতাংশ। ২০১০ সালে তা বেড়ে ৩৬ শতাংশে দাঁড়ায়। ২০১৬-১৭ সালে ছিল ৩৬ দশমিক ৩ শতাংশ। এরপর ২০২২ সালে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বেড়ে ৪২ দশমিক ৭৭ শতাংশে পৌঁছায়। তবে ২০২৩ সালে ৪১ দশমিক ৫ শতাংশে নেমে আসার পর ২০২৪ সালে তা আরও কমে দাঁড়ায় ৩৮ দশমিক ৪ শতাংশে।
তবে এই পতনের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ২০২৪ সালের শ্রমশক্তি জরিপে বিবিএস প্রথমবারের মতো ফসল উৎপাদন বা পশুপালনের মতো কাজকে কর্মসংস্থান হিসেবে গণ্য করা থেকে বাদ দেন। তার সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের দুর্বলতা, কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং অন্যান্য কাঠামোগত কারণও কাজ করে।
সীমাবদ্ধতা কোথায়?
শুধু শিক্ষা বা যোগ্যতার ঘাটতি দিয়ে এই ব্যবধান ব্যাখ্যা করা যায় না। একাধিক কারণ একসঙ্গে কাজ করে:
- অবৈতনিক গৃহস্থালির বোঝা: আইএলওর তথ্য অনুযায়ী কর্মজীবী নারী সপ্তাহে গড়ে ২৭.৭ ঘণ্টা গৃহস্থালির কাজ করেন, পুরুষ করেন ৭.৭ ঘণ্টা। এতে উচ্চ মজুরির কাজ নেওয়া ও পদোন্নতির সুযোগ সীমিত হয়।
- কাঠামোগত অভাব: ডে-কেয়ার সেন্টার, শিশুকে বুকের দুধ খাওয়ানোর নিরাপদ জায়গা, পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি ও নারীবান্ধব কর্মপরিবেশের ঘাটতি।
- নিরাপত্তা ও যাতায়াত: নিরাপদ যাতায়াত, বাসস্থান, বদলি ও নিজ শহরের বাইরে কর্মস্থলের মতো বিষয় নারীর চাকরি বাছাইয়ে বড় ভূমিকা রাখে। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মানানসই চাকরির সংখ্যাও সীমিত।
- সামাজিক প্রত্যাশা: “মেয়েদের আসল দায়িত্ব সংসার” ধারণা, বিয়ে ও সন্তান জন্মের পর কর্মজীবন ছেড়ে দেওয়ার চাপ, এবং কর্মজীবী মায়ের সন্তান ঠিকমতো মানুষ হবে না এমন প্রচলিত বিশ্বাস। এই ধারণা সমর্থনের মতো কোনো পরিসংখ্যান নেই।
- প্রাতিষ্ঠানিক বৈষম্য: নিয়োগ, মজুরি ও পদোন্নতিতে বৈষম্য। নেতৃত্ব ও ঝুঁকি নেওয়ায় নিরুৎসাহিত করার সংস্কৃতি নারীর আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। এটি ব্যক্তিগত দুর্বলতা নয়, সামাজিক পরিবেশের ফল।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
আগামী এক দশকে শ্রমবাজারে সবচেয়ে বড় পরিবর্তনের একটি উৎস হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আইএলওর ২০২৫ সালের গবেষণা অনুযায়ী বিশ্বে প্রতি চারজন কর্মীর একজন এমন পেশায় আছেন, যেখানে জেনারেটিভ এআইয়ের প্রভাব পড়তে পারে, যদিও বেশির ভাগ ক্ষেত্রে চাকরি বিলুপ্ত হওয়ার চেয়ে কাজের ধরন ও প্রয়োজনীয় দক্ষতা বদলাবে। তবে এই প্রভাব নারী-পুরুষের ওপর সমান নয়। আইএলওর ২০২৬ সালের গবেষণায় নারীপ্রধান পেশার ২৯% এআইয়ের আওতায় আসতে পারে, পুরুষপ্রধান পেশার ক্ষেত্রে ১৬%। কারণ নারীরা প্রশাসনিক, দাপ্তরিক ও হিসাবরক্ষণের কাজে বেশি যুক্ত, আর এআই ও প্রকৌশলভিত্তিক পেশায় তাদের উপস্থিতি কম।
এমনকি তৈরি পোশাকশিল্পেও স্বয়ংক্রিয় যন্ত্র, ডিজিটাল নকশা ও আধুনিক মান নিয়ন্ত্রণ বাড়লে প্রচলিত কিছু কাজ কমবে, আবার যন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উৎপাদন পরিকল্পনায় নতুন সুযোগ আসবে। তাই লক্ষ্য হওয়া উচিত প্রযুক্তিকে ঠেকানো নয়, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা এবং প্রযুক্তি তৈরি, পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণেও তাঁদের অংশগ্রহণ বাড়ানো।

