বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে চাকরি পাওয়া কর্মীদের ৭০ শতাংশই গেছেন এশিয়ার বিভিন্ন দেশে। ইউরোপে গেছেন প্রায় ১৮ শতাংশ এবং উত্তর আমেরিকায় ৭ শতাংশ। দেশে দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণ কার্যক্রম বাড়লেও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে প্রশিক্ষণের সমন্বয় না থাকায় প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) এক অভ্যন্তরীণ জরিপে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, ২০২২ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেশের সাড়ে সাত শতাধিক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১৯ হাজার প্রশিক্ষিত কর্মী বিদেশে চাকরি পেয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষিত কর্মীদের বড় অংশ এশিয়ায় যাওয়াকে সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ এই অঞ্চলে জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের মতো উচ্চ আয়ের দেশও রয়েছে। বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রশিক্ষণ নিয়ে কর্মীরা কতটা ভালো চাকরি পাচ্ছেন, তাঁদের বেতন কত এবং কর্মপরিবেশ কেমন।
এনএসডিএর জরিপ অনুযায়ী, বিদেশে চাকরি পাওয়া প্রশিক্ষিত কর্মীদের মধ্যে ৭০ শতাংশ এশিয়ায় গেছেন। ইউরোপে গেছেন ১৭ দশমিক ৬২ শতাংশ এবং উত্তর আমেরিকায় ৭ শতাংশ।
অন্যদিকে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া অঞ্চলে চাকরি পেয়েছেন ২৯৩ জন। আফ্রিকায় গেছেন ১৪৭ জন এবং দক্ষিণ আমেরিকায় মাত্র চারজন।
প্রশিক্ষিত কর্মীদের বিদেশে চাকরির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পেশার উপস্থিতি পাওয়া গেছে। এশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের প্রশিক্ষিত কর্মীরা ৫৪ ধরনের পেশায় কাজ পেয়েছেন। ইউরোপে এই সংখ্যা ৪২, উত্তর আমেরিকায় ৩১ এবং অস্ট্রেলিয়া ও ওশেনিয়া অঞ্চলে ৩২।
এসব পেশার মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ মেরামত, রোগী ও প্রবীণদের পরিচর্যা, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, যন্ত্র পরিচালনা, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, পাইপের কাজ, ঝালাই, ডিজিটাল বিপণন এবং তথ্যপ্রযুক্তিসংক্রান্ত সহায়তা।
তবে কোন দেশে কোন পেশায় কতজন কর্মী চাকরি পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য নেই এনএসডিএর কাছে। ফলে জাপানে কতজন গাড়ির মেকানিক কিংবা সিঙ্গাপুরে কতজন পরিচর্যাকর্মী গেছেন, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ মনে করেন, প্রশিক্ষিত কর্মীদের এশিয়ামুখী হওয়া নিজে কোনো দুর্বলতা নয়।
তিনি বলেন, এশিয়ায় জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত শ্রমবাজার রয়েছে। তাই কর্মীরা কোন অঞ্চলে যাচ্ছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাঁরা কী ধরনের চাকরি পাচ্ছেন এবং কত বেতন ও সুযোগ-সুবিধা পাচ্ছেন।
তাঁর মতে, বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার বড় সমস্যা প্রশিক্ষণ, সনদ প্রদান এবং বিদেশে কর্মী নিয়োগের মধ্যে দুর্বল সংযোগ।
অনেক কর্মী প্রশিক্ষণ নিয়ে সনদ পেলেও বিদেশি নিয়োগকারীরা সেই সনদকে যথেষ্ট গুরুত্ব দেন না। ফলে প্রশিক্ষণের পেছনে সময় ও অর্থ ব্যয় করেও কর্মীরা প্রত্যাশিত সুবিধা পান না।
অধ্যাপক নিয়াজ বলেন, শুধু দেশের কোনো প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সনদ থাকলেই অস্ট্রেলিয়া বা ইউরোপের শ্রমবাজারে চাকরি পাওয়া সম্ভব নয়। এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতা, ভাষাগত যোগ্যতা এবং বিদেশি নিয়োগকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রয়োজন।
তাঁর মতে, কতজন মানুষ প্রশিক্ষণ নিয়েছেন, শুধু সেই সংখ্যা দিয়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সফলতা বিচার করা উচিত নয়। বরং প্রশিক্ষণের পর কতজন বিদেশে দক্ষতাভিত্তিক চাকরি পেয়েছেন এবং তাঁদের আয় কত, সেটিই হওয়া উচিত মূল্যায়নের গুরুত্বপূর্ণ ভিত্তি।
অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচির গবেষণা ব্যবস্থাপক ঊর্মি জাহান তন্নীও মনে করেন, বাংলাদেশের প্রশিক্ষণব্যবস্থার সঙ্গে বিদেশের শ্রমবাজারের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই।
তিনি বলেন, অনেক প্রশিক্ষণ কর্মসূচি বিদেশি নিয়োগকারীদের প্রকৃত প্রয়োজন বিবেচনা করে তৈরি করা হয় না। ফলে প্রশিক্ষণ শেষ করে সনদ পেলেও একজন কর্মীর প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
ঊর্মি জাহান তন্নীর মতে, বিদেশে দক্ষ কর্মী পাঠানোর বাজার সম্প্রসারণ করতে হলে প্রথমেই গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিতে হবে। এর পাশাপাশি ভাষা ও যোগাযোগ দক্ষতা শেখাতে হবে এবং বাংলাদেশের প্রশিক্ষণ সনদের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ইউরোপসহ উন্নত দেশের শ্রমবাজারে প্রবেশের জন্য শুধু কারিগরি দক্ষতা যথেষ্ট নয়। সংশ্লিষ্ট দেশের ভাষা, কর্মক্ষেত্রে যোগাযোগ, আচরণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং পেশাগত নিরাপত্তাবিধি সম্পর্কেও ধারণা থাকতে হয়।
অনেক ক্ষেত্রে কর্মীদের প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা থাকলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ না থাকায় তাঁরা বিদেশে আনুষ্ঠানিক চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন।
এ কারণে দক্ষতা যাচাই ও সনদ প্রদানের পদ্ধতিকে আরও নির্ভরযোগ্য করার ওপর গুরুত্ব দেন তিনি।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের জরিপে দেখা গেছে, বাংলাদেশের কিছু পেশার কর্মীরা বিশ্বের একাধিক অঞ্চলে চাকরি পাচ্ছেন।
এর মধ্যে গাড়িচালনা, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, পাইপ স্থাপন, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ঝালাইয়ের কাজে প্রশিক্ষিত কর্মীরা ছয়টি ভৌগোলিক অঞ্চলে চাকরি পেয়েছেন।
অন্যদিকে গাড়ির মেকানিক, পরিচর্যাকর্মী, কম্পিউটার পরিচালনা, ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামত, খাদ্য ও পানীয় প্রস্তুত ও পরিবেশন, যন্ত্রাংশ তৈরির কাজ এবং সেলাই মেশিন পরিচালনাসহ সাত ধরনের পেশার কর্মীরা পাঁচটি অঞ্চলে কাজ পেয়েছেন।
ডিজিটাল বিপণন, গ্রাফিক নকশা, গৃহপরিচর্যা, তথ্যপ্রযুক্তি সহায়তা, পোশাক তৈরি, নিরাপত্তা ও বিধিপরিপালন এবং বিক্রয় ও গ্রাহকসেবাসহ কয়েকটি পেশায় প্রশিক্ষিত কর্মীরা চারটি অঞ্চলে চাকরি পেয়েছেন।
এই তথ্য থেকে বোঝা যায়, বাংলাদেশের কর্মীদের জন্য প্রচলিত শ্রমবাজারের বাইরেও নতুন কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
বিশেষ করে পরিচর্যাকর্মী ও গাড়ির মেকানিকের কাজ পাঁচটি অঞ্চলে বিস্তৃত। একইভাবে ডিজিটাল বিপণন, তথ্যপ্রযুক্তি সহায়তা, গ্রাফিক নকশা এবং ওয়েবসাইট তৈরি ও উন্নয়নের মতো পেশায়ও আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানি খাতেও সম্ভাবনা দেখা যাচ্ছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার কারিগরি কাজে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীরা এশিয়া, ইউরোপ এবং অস্ট্রেলিয়া ও ওশেনিয়া অঞ্চলে চাকরি পেয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের কারিগরি পেশায় নতুন সুযোগ তৈরি হতে পারে।
তবে হিসাবরক্ষণ, কাঠমিস্ত্রির কাজ, পোশাক নকশা ও পণ্য উন্নয়ন, নিট পোশাকের সেলাই মেশিন পরিচালনা এবং পর্যটনসংশ্লিষ্ট কয়েকটি পেশার কর্মীরা এখন পর্যন্ত জরিপে শুধু একটি অঞ্চলে চাকরি পেয়েছেন।
এদিকে দেশে দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণ কার্যক্রম বাড়লেও যোগ্য প্রশিক্ষকের সংকট রয়েছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাজনীন কাওসার চৌধুরী জানিয়েছেন, দেশের প্রায় ৪৩ শতাংশ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা পুরোপুরি ব্যবহার হচ্ছে না। এর অন্যতম কারণ পর্যাপ্ত যোগ্য প্রশিক্ষকের অভাব।
তাঁর মতে, শুধু প্রশিক্ষণ শেষ করলেই একজন ব্যক্তি দক্ষ কর্মী হয়ে ওঠেন না। প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় কাজ বাস্তবে করতে পারার সক্ষমতা অর্জন হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
বর্তমানে এনএসডিএর প্রায় ২ হাজার ৭০০ প্রশিক্ষক রয়েছেন। আগামী ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ১০ হাজারে নেওয়ার লক্ষ্য রয়েছে সংস্থাটির।
২০২২ সালে দক্ষতা সনদ দেওয়ার কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ ৭৬ হাজার মানুষ নিয়মিত দক্ষতা মূল্যায়ন কিংবা পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতিভিত্তিক মূল্যায়নে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪ লাখ ৯০ হাজার জনকে দক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, বিদেশে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে প্রশিক্ষণের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মান নিশ্চিত করা জরুরি। বিশেষ করে বিদেশি নিয়োগকারীদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ এবং ভাষাগত দক্ষতার সমন্বয় প্রয়োজন।
তাঁদের মতে, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বিদেশে কতটা ভালো চাকরি পাচ্ছেন এবং তাঁদের আয় কতটা বাড়ছে, সেদিকে গুরুত্ব দিতে পারলে দক্ষ জনশক্তি রপ্তানি থেকে বাংলাদেশের অর্থনৈতিক সুফল আরও বাড়তে পারে।

