বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, বেসরকারি খাতের বিকাশে পুঁজিবাজারের ভূমিকা শক্তিশালী করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) নতুন সুযোগ তৈরির বিষয় নিয়ে আলোচনা করেছে সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে কমিশনের চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বেসরকারি খাতের অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা বাড়ানো এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এডিবির প্রতিনিধিদল পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ জানায়। এ ছাড়া অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্র নিয়েও দুই পক্ষের আলোচনা হয়। এডিবির সহযোগিতামূলক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিএসইসি।
এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান তাকেও কোইকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্য সদস্যদের মধ্যে ছিলেন সংস্থাটির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, প্রাইভেট সেক্টর অপারেশনস বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস এবং দক্ষিণ এশিয়া বিভাগের বেসরকারি খাত উন্নয়নবিষয়ক আঞ্চলিক প্রধান শুজি হাশিজুমে।
বিএসইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান ও মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে বৈঠকে সহযোগিতার আগ্রহ ও সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রকল্প, অর্থায়ন বা চুক্তির ঘোষণা দেওয়া হয়নি।

