বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে দ্রুত। কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও বিদেশের বাজারে অংশগ্রহণ বাড়ছে না। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ এখনো স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ। অর্থায়নের অভাব, প্রযুক্তিগত দুর্বলতা, উচ্চ উৎপাদন ব্যয়, বড় প্রতিষ্ঠানের সঙ্গে অসম প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার জটিলতা তাদের রপ্তানিমুখী হয়ে ওঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে মোট অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটি ১৭ লাখ। এসব প্রতিষ্ঠানে কাজ করেন ৩ কোটি ৬ লাখের বেশি মানুষ। তবে স্থায়ী প্রতিষ্ঠানপ্রতি গড়ে কর্মরত মানুষের সংখ্যা মাত্র ৩ দশমিক ৭৯ জন। ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বাড়লেও কর্মসংস্থান বেড়েছে মাত্র ২৫ শতাংশ।
অর্থাৎ নতুন ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো প্রয়োজনীয় হারে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। উৎপাদন ও ব্যবসার পরিসরও প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না।
দেশের মোট দেশজ উৎপাদনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান প্রায় ২৭ শতাংশ বলে ধারণা করা হয়। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ আসে এ খাত থেকে। ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।
তবে এসব প্রতিষ্ঠানের প্রকৃত রপ্তানি অবদান কত, তার নির্ভরযোগ্য হিসাব নেই। বিভিন্ন অনুমানে রপ্তানিতে তাদের অংশ প্রায় ২৫ শতাংশ বলা হলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছে এ বিষয়ে আলাদা কোনো পূর্ণাঙ্গ হিসাব নেই। এমনকি শুল্কসংক্রান্ত তথ্যের সঙ্গেও প্রতিষ্ঠানের আকারের তথ্য নিয়মিতভাবে সমন্বয় করা হয় না।
বিশ্বব্যাংকের তথ্যেও উদ্বেগজনক প্রবণতা দেখা যায়। প্রায় এক দশকের ব্যবধানে রপ্তানিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানের হার ২৫ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে নেমেছে। অন্যদিকে, শীর্ষ উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর হাতে মোট রপ্তানি আয়ের অংশ ৩৭ শতাংশ থেকে বেড়ে ৬৯ শতাংশ হয়েছে। অর্থাৎ রপ্তানি আয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কমছে। ফলে দেশের রপ্তানি ক্রমেই অল্পসংখ্যক বড় প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
কর্মসংস্থানের মাধ্যম, নাকি ব্যবসা সম্প্রসারণের সিঁড়ি?
ইনোভিশন কনসালটিংয়ের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারোয়ারের মতে, দেশের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে মূলত আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ না পাওয়া তরুণদের কাজের ব্যবস্থা করার মাধ্যম হিসেবে গড়ে তোলা হয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান টিকে থাকলেও তাদের উৎপাদনক্ষমতা, বাজারের পরিধি কিংবা কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে না।
তার মতে, শুধু ক্ষুদ্র প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেই অর্থনীতির উন্নয়ন নিশ্চিত হয় না। এসব প্রতিষ্ঠানের পণ্য ও সেবার জন্য বাজারে পর্যাপ্ত চাহিদা এবং ব্যবসা সম্প্রসারণের বাস্তব সুযোগ থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ বলেন, অনেক ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান মানুষের কর্মসংস্থান তৈরি করলেও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা এবং বাজারসংযোগের অভাবে পিছিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসার পরিধি বাড়াতে গেলে অতিরিক্ত নিয়মকানুন মেনে চলার ব্যয়, করসংক্রান্ত অনিশ্চয়তা এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। ফলে অনেক উদ্যোক্তা ব্যবসা বড় করার পরিবর্তে ছোট পরিসরেই কার্যক্রম চালিয়ে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবধান
আন্তর্জাতিকভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞা এবং হিসাব পদ্ধতি এক নয়। তাই বিভিন্ন দেশের পরিসংখ্যান সরাসরি তুলনা করার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। তবে প্রতিবেশী ও এশিয়ার কয়েকটি দেশের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা যায়।
ভারতের হিসাবে, দেশটির ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংশ্লিষ্ট পণ্য মোট রপ্তানির ৪৮ দশমিক ৫৮ শতাংশ। তবে এ হিসাব সরাসরি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আকারের ভিত্তিতে তৈরি নয়; বরং শুল্কসংক্রান্ত তথ্যে এসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত পণ্যকে বিবেচনা করা হয়েছে। ফলে প্রকৃত ক্ষুদ্র প্রতিষ্ঠানের রপ্তানি অবদান কিছুটা বেশি দেখানোর আশঙ্কা রয়েছে।
তারপরও ভারতে রপ্তানিতে অংশ নেওয়া ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের সংখ্যা ২০২০-২১ অর্থবছরের ৫২ হাজার ৮৪৯ থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৭৩ হাজার ৩৫০ হয়েছে।
মালয়েশিয়ায় ২০২৫ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ছিল মোট রপ্তানির ১৪ দশমিক ৭ শতাংশ, মোট দেশজ উৎপাদনের ৩৯ দশমিক ৭ শতাংশ এবং কর্মসংস্থানের ৪৮ দশমিক ৭ শতাংশ। থাইল্যান্ডে ২০২৫ সালের প্রথম ১০ মাসে এ খাতের রপ্তানি অবদান ছিল ১৪ দশমিক ৩ শতাংশ। দেশটির মোট কর্মসংস্থানের ৬৮ দশমিক ৮১ শতাংশ এবং দেশজ উৎপাদনের প্রায় ৩৫ শতাংশের সঙ্গে এ খাত যুক্ত।
অন্যদিকে, ভিয়েতনামে মোট রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৮৮ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান। দেশটির মোট রপ্তানি পণ্যের প্রায় অর্ধেক আসে এ খাত থেকে। তবে এই রপ্তানির ৭০ শতাংশই বিদেশি মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ ভিয়েতনামের রপ্তানি সাফল্যে বিদেশি বিনিয়োগের বড় ভূমিকা রয়েছে, যা বাংলাদেশে তুলনামূলকভাবে সীমিত।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্ষুদ্র প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে সফল হতে হলে সব সময় সরাসরি রপ্তানিকারক হতে হবে এমন নয়। বড় দেশীয় কিংবা বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সরবরাহব্যবস্থায় যুক্ত হয়েও তারা লাভবান হতে পারে। যন্ত্রাংশ, মোড়কজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিভিন্ন সেবা সরবরাহের মাধ্যমে ছোট প্রতিষ্ঠানগুলো বড় রপ্তানি কার্যক্রমের অংশ হতে পারে।
শুল্কনীতিই কি রপ্তানির পথে বাধা?
দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অন্যতম বড় সমস্যা হলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের মধ্যে প্রতিযোগিতার অসমতা। তৈরি পোশাক খাতের বাইরে অনেক পণ্যের উৎপাদক দেশের বাজারে বিক্রি করে তুলনামূলক বেশি মুনাফা করতে পারেন। কারণ আমদানি করা সমজাতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক থাকায় দেশীয় উৎপাদকরা বাজারে বাড়তি সুরক্ষা পান।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদি সাত্তার তাদের গবেষণার ভিত্তিতে জানিয়েছেন, ২০২৭ অর্থবছরে বাংলাদেশের গড় নামমাত্র শুল্ক সুরক্ষার হার ২৮ শতাংশ। এর অর্ধেকই আসে সম্পূরক ও অতিরিক্ত শুল্ক থেকে।
বিশ্বব্যাংকের বিশ্লেষণেও বাংলাদেশের শুল্কনীতিতে রপ্তানিবিরোধী প্রবণতার বিষয়টি উঠে এসেছে। স্থানীয় বাজারে পণ্য বিক্রি করা প্রতিষ্ঠানগুলো আমদানি করা সমাপ্ত পণ্যের ওপর গড়ে ১০ দশমিক ৯ শতাংশ শুল্ক সুরক্ষা পায়, যা দক্ষিণ এশিয়ার গড়ের প্রায় দ্বিগুণ।
অন্যদিকে, রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে প্রচলিত দামের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। উৎপাদনের জন্য আমদানি করা কাঁচামালের ওপর শুল্ক ও অন্যান্য ব্যয়ও তাদের বহন করতে হয়।
রুবাইয়াত সারোয়ারের মতে, একদিকে ছোট প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে বলা হচ্ছে, অন্যদিকে দেশের নীতিগত পরিবেশ তাদের সেই প্রতিযোগিতার জন্য যথেষ্ট প্রস্তুত করছে না।
নিয়াজ আসাদুল্লাহর মতে, উচ্চ শুল্কের কারণে দেশের বাজারে পণ্য বিক্রি অনেক সময় বিদেশে রপ্তানির তুলনায় বেশি লাভজনক হয়ে ওঠে। ফলে উদ্যোক্তারা রপ্তানিতে যাওয়ার পরিবর্তে স্থানীয় বাজারেই ব্যবসা সম্প্রসারণে আগ্রহী হন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের পথে এই রপ্তানিবিরোধী শুল্কনীতিকে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে।
ঋণ পাচ্ছেন না প্রয়োজনের সময়
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে অর্থায়নের ঘাটতিও বড় বাধা। ২০২৬ সালের মার্চ শেষে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের মাত্র ১৫ দশমিক ৮৭ শতাংশ ছিল ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য। অথচ এ খাতে ঋণ বিতরণের নিয়ন্ত্রক লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫ শতাংশ। একই সময়ে এ খাতের শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৪ শতাংশে।
অর্থনৈতিক শুমারির তথ্য অনুযায়ী, ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে ৮৫ দশমিক ৮৪ শতাংশ প্রতিষ্ঠান মূলধনের সংকটে পড়ে। অন্যদিকে, এক-তৃতীয়াংশের বেশি প্রতিষ্ঠান ব্যাংকঋণ পেতেও সমস্যার মুখোমুখি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সায়েমা হক বিদিশা ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রধান তিনটি সমস্যার কথা উল্লেখ করেছেন। এগুলো হলো অর্থায়নের সুযোগ, প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি এবং বাজারের সঙ্গে সংযোগ।
তার মতে, অনেক উদ্যোক্তার প্রয়োজনীয় জামানত, আনুষ্ঠানিক হিসাবপত্র কিংবা ব্যাংকের চাহিদা অনুযায়ী কাগজপত্র থাকে না। ফলে ব্যবসার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা ঋণ পেতে ব্যর্থ হন।
তিনি বড় ক্রেতা প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহকারীদের বিল পরিশোধ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন। এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের কার্যকর মূলধনের সংকট কমবে। বড় প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন পাওনা আটকে থাকায় ছোট ব্যবসাগুলোকে নিজেদের সীমিত অর্থ দিয়ে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম চালাতে হয়।
নিয়াজ আসাদুল্লাহ এ ক্ষেত্রে মালয়েশিয়ার ঋণ নিশ্চয়তা করপোরেশনের মতো ব্যবস্থার উদাহরণ দিয়েছেন। তার মতে, প্রচলিত জামানত না থাকলেও যেসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে, তাদের জন্য ঋণ নিশ্চয়তা এবং ক্রয়চুক্তি বা ব্যবসার নগদ প্রবাহের ভিত্তিতে অর্থায়নের ব্যবস্থা করা যেতে পারে।
বড় প্রতিষ্ঠানের সঙ্গে অসম প্রতিযোগিতা
দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিযোগিতা এখন আর শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই। বড় শিল্পগোষ্ঠীগুলোও ক্রমেই এমন সব বাজারে প্রবেশ করছে, যেগুলো একসময় মূলত ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ছিল।
মসলা, মুড়ি, সরিষার তেল, প্লাস্টিকের তৈজসপত্র, বেকারি পণ্য ও কম দামের জুতার মতো পণ্য এখন বড় প্রতিষ্ঠানগুলোও ব্যাপক পরিসরে উৎপাদন ও বাজারজাত করছে।
বড় প্রতিষ্ঠানের হাতে রয়েছে তুলনামূলক কম খরচে ঋণ পাওয়ার সুযোগ, স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা, দেশজুড়ে পণ্য বিতরণের নেটওয়ার্ক এবং আর্থিক সংকট মোকাবিলার সক্ষমতা। অন্যদিকে, ছোট উদ্যোক্তারা অল্প পরিমাণে কাঁচামাল কেনায় বেশি দাম দেন। বিদ্যুৎ ও গ্যাসের সংকট হলে উৎপাদন বন্ধ রাখতে হয়। আবার বড় প্রতিষ্ঠানের মতো দীর্ঘ সময়ের বাকিতে পণ্য সরবরাহ কিংবা বাজারে নিজেদের পণ্যের প্রচারের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করার সামর্থ্যও তাদের নেই।
রুবাইয়াত সারোয়ারের ভাষায়, উৎপাদন ব্যয় বাড়লে বড় প্রতিষ্ঠান কিছুটা চাপের মুখে পড়ে, কিন্তু একই পরিস্থিতি ছোট প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো সংকট তৈরি করতে পারে।
তবে বড় প্রতিষ্ঠানের বাজারে প্রবেশকে স্বাভাবিকভাবেই নেতিবাচক হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। বড় প্রতিষ্ঠান উন্নত মান, পরিচ্ছন্নতা, মোড়কজাতকরণ এবং পণ্যের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারে। সমস্যা তৈরি হয় যখন বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদন, গুদামজাতকরণ, পরিবহন ও বিতরণের সব কার্যক্রম নিজেরাই পরিচালনা করে। এতে ছোট প্রতিষ্ঠানগুলোর সরবরাহকারী হিসেবে যুক্ত হওয়ার সুযোগ কমে যায়।
অন্যদিকে, এশিয়ার সফল শিল্পব্যবস্থাগুলোতে বড় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ছোট সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাংলাদেশে বড় বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ ও মেলার আয়োজন থাকলেও দুই পক্ষের মধ্যে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক তৈরির উদ্যোগ তুলনামূলকভাবে কম।
সারোয়ারের মতে, শুধু প্রতিষ্ঠানের আকার বিবেচনা করে প্রণোদনা দেওয়ার পরিবর্তে বড় ও ছোট প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাকে উৎসাহিত করা প্রয়োজন।
সায়েমা হক বিদিশাও বড় রপ্তানিকারক ও বিদেশি বিনিয়োগকারীদের স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহিত করার পক্ষে মত দিয়েছেন। তার মতে, প্রকৃত ক্রয়চুক্তির ভিত্তিতে ছোট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ব্যবস্থাপনা পদ্ধতি, পরীক্ষা ও মান সনদ অর্জনে সরকারি সহায়তা দেওয়া যেতে পারে।
আন্তর্জাতিক মান পূরণেও পিছিয়ে উদ্যোক্তারা
বিদেশের বাজারে প্রবেশের ক্ষেত্রে পণ্যের মান, মোড়কজাতকরণ, সংরক্ষণ এবং আন্তর্জাতিক সনদ অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গ্রামীণ উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, খাদ্যপণ্য ও ঐতিহ্যবাহী অনেক পণ্যের বিদেশে চাহিদা তৈরির সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার অভাবে এসব পণ্যের মান ও উপস্থাপনা আন্তর্জাতিক বাজারের উপযোগী করা কঠিন হয়ে পড়ে।
বিশেষ করে খাদ্যনিরাপত্তা ও পণ্যের মানসংক্রান্ত সনদ অর্জনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। বড় প্রতিষ্ঠান বিপুল পরিমাণ পণ্যের মধ্যে এ ব্যয় ভাগ করে নিতে পারে। কিন্তু বছরে ৫০ লাখ টাকার ব্যবসা করা একটি ছোট প্রতিষ্ঠানের জন্য একই ব্যয় বহন করা অনেক কঠিন।
রুবাইয়াত সারোয়ারের মতে, বড় কোনো প্রতিষ্ঠান ছোট সরবরাহকারীর কাছ থেকে পণ্য কিনতে চাইলে প্রথমে তার পণ্যের মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। এক্ষেত্রে শুধু পারস্পরিক আস্থা যথেষ্ট নয়; পরীক্ষাগারের ফলাফল ও মান সনদও প্রয়োজন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম হাসান সাত্তারও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার মতে, দেশের অনেক পণ্য এখনো আন্তর্জাতিক মান পূরণ করতে পারছে না। পাশাপাশি বৈশ্বিক বাজারের বিভিন্ন নিয়মকানুন ও রপ্তানিসংক্রান্ত শর্ত পূরণেও ঘাটতি রয়েছে।
তিনি বলেন, পণ্যের মান পরীক্ষা করার পরীক্ষাগার, যৌথ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, নকশা উন্নয়নের সহায়তা এবং মান সনদ পাওয়ার সুযোগকে সড়ক বা বিদ্যুতের মতোই গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামো হিসেবে বিবেচনা করতে হবে।
নির্দিষ্ট পণ্য ও বাজার ধরে এগোনোর পরামর্শ
সায়েমা হক বিদিশার মতে, সারা দেশে একসঙ্গে ক্ষুদ্র শিল্পের রপ্তানি বাড়ানোর বড় লক্ষ্য নির্ধারণ না করে নির্দিষ্ট পণ্য ও নির্দিষ্ট বিদেশি বাজারকে কেন্দ্র করে কাজ শুরু করা যেতে পারে।
উদাহরণ হিসেবে তিনি জাপানের নির্দিষ্ট ক্রেতাদের জন্য যশোরের নকশিকাঁথা এবং ইউরোপের বাজারের জন্য বেত, বাঁশ ও শীতলপাটির পণ্যের কথা উল্লেখ করেছেন।
তার মতে, প্রথমে একটি বা দুটি পণ্য নির্বাচন করে নির্দিষ্ট দেশের বাজারে প্রবেশের উদ্যোগ নিতে হবে। সেখানে সফলতা পাওয়া গেলে ধীরে ধীরে অন্যান্য পণ্য ও বাজারে কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনও কয়েকটি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন নাজিম হাসান সাত্তার। এর মধ্যে হালকা প্রকৌশল ও বৈদ্যুতিক পণ্য অন্যতম। এসব খাতের প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে তুলতে লক্ষ্যভিত্তিক কর্মসূচি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিদেশি ক্রেতাদের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের যোগাযোগ তৈরি করা হচ্ছে। তবে শুধু মেলায় অংশগ্রহণ করলেই রপ্তানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয় না। এ জন্য সহজ শর্তে ঋণ, বিশেষ তহবিল, বিদ্যুৎ ও অন্যান্য সেবার ব্যয় কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ প্রয়োজন।
তার মতে, হাতে করা উৎপাদনব্যবস্থা থেকে যন্ত্রনির্ভর আধুনিক উৎপাদনব্যবস্থায় রূপান্তর ঘটাতে পারলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদনক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।
সব মিলিয়ে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সামনে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু কাঠামোগত চ্যালেঞ্জ রয়েছে। শুধু নতুন প্রতিষ্ঠান তৈরি কিংবা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এ খাতের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজন সহজ অর্থায়ন, আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণের সুবিধা, ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ এবং বড় রপ্তানিকারকদের সঙ্গে ছোট প্রতিষ্ঠানের কার্যকর ব্যবসায়িক সম্পর্ক। এসব ক্ষেত্রে বাস্তব অগ্রগতি হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ থাকবেন না, আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করার সুযোগ পাবেন।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

