বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার গত শতাব্দীতে অতুলনীয় গতিতে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই বৃদ্ধির ফলে একদিকে যেমন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে, তেমনি বিভিন্ন চ্যালেঞ্জও সামনে আসছে। উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এই জনসংখ্যা বৃদ্ধি একটি দ্বৈত প্রভাব ফেলছে। যেখানে সুযোগ এবং সংকট একে অপরকে একীভূত করছে। উন্নয়নশীল দেশগুলি যেখানে অল্প কিছু সময়ের মধ্যে উন্নতি অর্জন করতে চায়, সেখানে জনসংখ্যা বৃদ্ধির একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
অতীত প্রেক্ষাপট: জনসংখ্যার দ্রুত বৃদ্ধি-
বিশ্ব জনসংখ্যার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ১৯০০ সালের দিকে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় ১.৬ বিলিয়ন। তবে গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকে জনসংখ্যার বৃদ্ধির হার তীব্র গতিতে বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উন্নয়নশীল দেশগুলোর অনেকাংশে স্বাস্থ্যসেবা, কৃষি প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটে। যা মৃত্যুহার কমাতে এবং জন্মহার বাড়াতে সহায়ক হয়। এক্ষেত্রে বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞান, টিকাদান কর্মসূচি, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টির উন্নতির ফলে জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়েছে।
তবে উন্নয়নশীল দেশগুলো বিশেষভাবে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার কিছু অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ১৯৫০ সালে পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় ২.৫ বিলিয়ন। যা ২০০০ সালে প্রায় ৬ বিলিয়ন পৌঁছায়। বর্তমান বিশ্বে জনসংখ্যা প্রায় ৮ বিলিয়ন ছুঁইছুঁই। যার একটি বড় অংশ এই উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বসবাস করে।
বর্তমান প্রেক্ষাপট: জনসংখ্যার চাপ ও সম্ভাবনা-
বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির একটি আশ্চর্যজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের মধ্যে বিশ্বের প্রায় ৮৫% জনসংখ্যা উন্নয়নশীল দেশগুলিতে বসবাস করবে। এই দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির কারণে কিছু সুযোগ তৈরি হচ্ছে কিন্তু সাথে সাথে নানা চ্যালেঞ্জও সামনে আসছে।
সম্ভাবনা-
শক্তিশালী শ্রমবাজার: উন্নয়নশীল দেশগুলোর যুবসমাজের বৃহৎ অংশ গঠন করে। এই জনগণের দক্ষতা ও শ্রমশক্তি আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির জন্য এই শ্রমশক্তি একটি মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ, ভারতে বর্তমানে পৃথিবীর অন্যতম বৃহৎ কর্মক্ষম জনগণ রয়েছে। যা তাকে বিশ্বের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্লেয়ারে পরিণত করেছে।
বাজারের বৃদ্ধি: বিশাল জনসংখ্যার কারণে উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা উৎপাদন এবং সেবা খাতে নতুন উদ্যোক্তা তৈরি করতে সহায়ক হতে পারে। যা দেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য একটি বড় সম্ভাবনা।
প্রযুক্তি উন্নয়ন: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নতি, ডিজিটাল সেবা এবং নতুন প্রযুক্তির বিস্তারও বাড়ছে। বিভিন্ন উন্নয়নশীল দেশ প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে শক্তিশালী হচ্ছে এবং এর মাধ্যমে নতুন উদ্ভাবন ও সুযোগ সৃষ্টি করছে।
চ্যালেঞ্জ-
খাদ্য নিরাপত্তা: জনসংখ্যার বৃদ্ধি খাদ্য চাহিদা বৃদ্ধি করে। যা খাদ্য উৎপাদনের উপর চাপ সৃষ্টি করে। কৃষি উৎপাদন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি না পেলে খাদ্য সংকট তৈরি হতে পারে। যা ক্ষুধা ও অপুষ্টি বৃদ্ধির কারণ হতে পারে।
স্বাস্থ্যসেবা ব্যবস্থা: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায়শই পর্যাপ্ত নয়। ফলে চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এতে শিশুমৃত্যু, মায়ের স্বাস্থ্য সমস্যা এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সমস্যা বাড়ছে।
শিক্ষা: জনসংখ্যা বৃদ্ধির কারণে শিক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে। নতুন শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং তাদের জন্য পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। অধিক জনসংখ্যার কারণে সরকারের বাজেটের উপরও চাপ পড়ছে। যা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন: জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ছে। বনভূমি ধ্বংস, জলাশয়ের দূষণ এবং জীববৈচিত্র্য সংকট বৃদ্ধি পাচ্ছে। এতে পরিবেশ দূষণও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন যেমন অতিরিক্ত তাপমাত্রা, সাইক্লোন ও খরা আরো তীব্র হচ্ছে।
অর্থনৈতিক অসাম্য: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরকেন্দ্রিক বসবাসের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। শহরের বিপুল জনসংখ্যার চাপ এবং গ্রামের অভ্যন্তরীণ ব্যবস্থার অপ্রতুলতা মানুষের আর্থিক অবস্থা সংকটময় করে তুলছে।
ভবিষ্যত সম্ভাবনা এবং সমাধান-
জনসংখ্যা বৃদ্ধি ঠেকানো সম্ভব না হলেও এটি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক নীতিনির্ধারণ এবং কার্যকর পদক্ষেপ।
শিক্ষা ও সচেতনতা: জনসংখ্যা বৃদ্ধির সমস্যা মোকাবিলা করতে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। শিক্ষা ব্যবস্থার মান বাড়িয়ে, নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে যাতে পরিবারগুলির আয় ও জীবনের মান উন্নত হয়।
স্বাস্থ্যসেবায় বিনিয়োগ: জনসংখ্যা বৃদ্ধি মোকাবেলা করতে হলে উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। আরও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো এবং চিকিৎসা সরঞ্জামের মান উন্নত করতে হবে।
কৃষি ও খাদ্য উৎপাদনে বিনিয়োগ: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি প্রযুক্তির উন্নয়ন ও খাদ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে যাতে তারা অধিক ফলন পেতে পারে।
পরিবেশ সুরক্ষা: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করতে হবে এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে। শক্তির নতুন উৎস যেমন সৌরশক্তি এবং বাতাসের শক্তি ব্যবহার বাড়িয়ে পরিবেশের উপর চাপ কমাতে হবে।
বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নশীল দেশগুলোর জন্য যেমন সম্ভাবনা তৈরি করছে, তেমনি কিছু বড় চ্যালেঞ্জও উত্থাপন করছে। তবে যদি সঠিক পরিকল্পনা এবং পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে এই চ্যালেঞ্জগুলোও সম্ভাবনায় পরিণত হতে পারে। উন্নয়নশীল দেশগুলোর জন্য জরুরি হলো জনসংখ্যা বৃদ্ধির সুফল সঠিকভাবে গ্রহণ এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

