মানব সভ্যতার ইতিহাসে প্রযুক্তি বারবার নতুন বিপ্লবের জন্ম দিয়েছে। কৃষি বিপ্লব, শিল্পবিপ্লব, ডিজিটাল বিপ্লব-প্রত্যেকটি যুগে প্রযুক্তির হাত ধরে জীবন ও কর্মসংস্থানে এসেছে বিরাট পরিবর্তন। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি আরেকটি যুগান্তকারী পরিবর্তনের সামনে যার কেন্দ্রবিন্দু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশন। এটি শুধু মানুষের জীবনকে সহজ ও স্বয়ংক্রিয় করে তুলছে না বরং অর্থনীতি ও শ্রমবাজারেও গভীর প্রভাব ফেলছে।
বিশ্বব্যাপী স্মার্ট কারখানা, স্বয়ংক্রিয় ব্যাংকিং, চালকবিহীন গাড়ি, এমনকি ডাক্তারবিহীন রোগ নির্ণয়ের মতো প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বাংলাদেশও এর বাইরে নয়। তৈরি পোশাকশিল্প, ব্যাংকিং, কল সেন্টার, কৃষি ও আইটি খাতে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয়েছে। এর ফলে কিছু কাজ সহজ হলেও অনেক প্রচলিত চাকরি বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবার একই সঙ্গে নতুন ধরনের দক্ষতা ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রশ্ন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন কি বাংলাদেশের চাকরির বাজারকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, নাকি এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলছে?

চাকরি হারানোর আশঙ্কা: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশনের বিকাশ বিশ্বজুড়ে কর্মসংস্থানের ওপর গভীর প্রভাব ফেলছে। গবেষণায় দেখা গেছে- ২০৩০ সালের মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন মানুষ তাদের চাকরি হারাতে পারে কারণ তাদের কাজগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতিস্থাপিত হবে। বিশেষ করে স্বল্প দক্ষতা ও মধ্যম স্তরের চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একদিকে যেমন বড় চ্যালেঞ্জ অন্যদিকে নতুন সম্ভাবনার দিকও খুলে দিচ্ছে। উৎপাদন, বিপণন, গ্রাহকসেবা, এমনকি সাংবাদিকতা, আইন ও চিকিৎসার মতো পেশাগুলোতে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখা যাচ্ছে। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে যা প্রচলিত চাকরির ধরন বদলে দিতে পারে।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শ্রমনির্ভর খাতগুলো। তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করছেন যার ৮০ শতাংশই নারী। কিন্তু স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা চালু হলে অনেক শ্রমিক তাদের কাজ হারানোর আশঙ্কায় রয়েছেন। McKinsey & Company-এর গবেষণা অনুযায়ী- আগামী দুই দশকের মধ্যে বাংলাদেশের মোট কর্মসংস্থানের ২০-৩০ শতাংশ এআই ও অটোমেশনের কারণে ঝুঁকিতে পড়তে পারে।
বিশ্বব্যাংকের মতে- বাংলাদেশের ৬৭ শতাংশ কর্মী এখনো প্রযুক্তিনির্ভর কাজের জন্য প্রস্তুত নয়। ডিজিটাল প্রযুক্তির প্রসার ঘটলেও দক্ষ মানবসম্পদের ঘাটতি রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাসেও মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, রোবোটিকস ও এআই-এর মতো বিষয়গুলো পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না যা ভবিষ্যতের জন্য বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে।
তবে শুধুই চাকরি হারানোর আশঙ্কা নয় নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) তথ্য অনুযায়ী- আগামী পাঁচ বছরে প্রায় ৮৩ মিলিয়ন মানুষ চাকরি হারাবে, তবে একই সময়ে ৬৯ মিলিয়ন নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে। এর মানে হলো যারা নতুন প্রযুক্তির দক্ষতা অর্জন করতে পারবে তারা প্রতিযোগিতায় টিকে থাকবে।
চাকরি বাজারে প্রযুক্তির বাস্তব প্রভাব: বাংলাদেশের অর্থনীতি মূলতঃ তৈরি পোশাক শিল্প, কৃষি, আইটি সেবা ও আউটসোর্সিংয়ের মতো কিছু প্রধান খাতের ওপর নির্ভরশীল। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের প্রসারে এসব খাতেও দ্রুত পরিবর্তন আসছে। উন্নত প্রযুক্তির ব্যবহার যেমন উৎপাদনশীলতা বাড়াচ্ছে, তেমনি কিছু ক্ষেত্রে প্রচলিত চাকরিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।
তৈরি পোশাক শিল্পে অটোমেশনের প্রভাব: বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অটোমেশনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলেও শ্রমিকদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, অটোমেশনের কারণে এই খাতে প্রায় ৩০ দশমিক ৫৮% শ্রমিক কাজ হারিয়েছেন।
বিশেষ করে তৈরি পোশাক শিল্প যা বাংলাদেশের অন্যতম বৃহত্তম কর্মসংস্থান খাত। সেখানে স্বয়ংক্রিয় মেশিন ও রোবোটিক উৎপাদন ব্যবস্থা ব্যবহারের ফলে শ্রমিকের চাহিদা ধীরে ধীরে কমে আসছে। একসময় যেখানে পুরোপুরি হাতে সেলাই করা হতো এখন সেখানে আধুনিক সেলাই মেশিনের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে কাজ করা সম্ভব হচ্ছে। ফলে কম দক্ষ শ্রমিকদের জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে উঠছে। তবে পুরো খাতটি শ্রমিকহীন হয়ে যাচেছ এমনটি নয়। বরং মেশিন চালানো, রক্ষণাবেক্ষণ করা বা উন্নত প্রযুক্তি ব্যবহারে পারদর্শী দক্ষ শ্রমিকদের চাহিদা বাড়ছে। ফলে যেসব কর্মী নিজেদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন, তারা চাকরির বাজারে টিকে থাকার সুযোগ পাবেন ।

আইটি ও আউটসোর্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব:
বাংলাদেশের আইটি শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। যদিও কিছু সাধারণ কাজ এআই দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তবে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য দেশি ও বৈশ্বিক প্রকল্পে কাজ করার সুযোগ বাড়ছে। আইটি ও আউটসোর্সিং খাতেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সুস্পষ্ট। বাংলাদেশে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাত গত এক দশকে ব্যাপক বিকাশ লাভ করেছে। গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস ও সাধারণ প্রোগ্রামিংয়ের মতো কাজের ওপর নির্ভরশীল অনেক তরুণ এখন এই পেশায় যুক্ত।
কিন্তু এআই-ভিত্তিক সফটওয়্যার এবং স্বয়ংক্রিয় সিস্টেম আসার ফলে এসব কাজের একটি বড় অংশ প্রযুক্তি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। সহজ টাস্ক বা পুনরাবৃত্তিমূলক কাজের ক্ষেত্রে এআই এখন মানুষের বিকল্প হয়ে উঠছে। তবে এখানেও আশার কথা হলো নতুন কিছু কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। ডাটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি ও ব্লকচেইনের মতো উচ্চ-প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ পেশাজীবীদের চাহিদা দিন দিন বাড়ছে। তাই যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়াতে পারবে, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ থাকবে।
কৃষি খাতে স্মার্ট প্রযুক্তির প্রভাব: কৃষি খাতে স্মার্ট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে, যা উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করছে। উদাহরণ স্বরূপ- চট্টগ্রামে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ধান পর্যবেক্ষণ করে কীটনাশকের ব্যবহার ৩০% কমানো গেছে।
তবে প্রযুক্তির এই অগ্রগতির ফলে কিছু শ্রমিক কর্মসংস্থান হারাচ্ছেন। গত এক বছরে প্রায় ১৬ লাখ মানুষ কৃষি পেশা ছেড়েছেন, যা কৃষি খাতে শ্রমিকের ঘাটতি সৃষ্টি করছে। কৃষি খাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে যা একসময় কেবল হাতে নির্ভরশীল ছিল। আধুনিক কৃষি ব্যবস্থায় এখন ড্রোন ব্যবহার করে জমির মান বিশ্লেষণ করা হয়, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে, এমনকি নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগের জন্য উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে কৃষিকাজে প্রচলিত শ্রমিকের চাহিদা কিছুটা কমে আসছে। তবে কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য নতুন ধরনের দক্ষ জনবল প্রয়োজন হচ্ছে। যারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার জানতে পারবে তাদের জন্য নতুন কর্মসংস্থানের দরজা উন্মুক্ত হচ্ছে।
বর্তমান বাস্তবতায় প্রযুক্তির এই অগ্রযাত্রা রোধ করা সম্ভব নয়। তবে কর্মসংস্থানের এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ যদি যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে শ্রমশক্তিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করতে পারে, তাহলে কর্মসংস্থানের সংকট নয় বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
চাকরি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার সামগ্রিক প্রভাব: কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি বাজার নিয়ে নানা রকম জল্পনা-কল্পনা রয়েছে। অনেকেই অদূর ভবিষ্যতে চাকরি হারানোর আশঙ্কা করছেন। তবে বিশেষজ্ঞদের মতে- এআই মানুষের পরিপূরক হিসেবেই কাজ করবে এবং নতুন চাকরির সুযোগও সৃষ্টি করবে।

করণীয়: বাংলাদেশের কর্মসংস্থান ব্যবস্থা সুরক্ষিত রাখতে এবং অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে চাকরি হারানোর ঝুঁকি মোকাবেলা করতে সরকার ও বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন। কিছু প্রস্তাবিত পদক্ষেপ নিম্নে আলোকপাত করা হলো-
প্রযুক্তি শিক্ষার প্রসার: তরুণদের জন্য প্রযুক্তি শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো নতুন প্রযুক্তি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া উচিত।
শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ: শিক্ষকদের নতুন প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা, যাতে তারা শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করতে পারেন।
কর্মীদের পুনঃপ্রশিক্ষণ: পুরনো প্রযুক্তিতে কাজ করা কর্মীদের নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করা।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন বাংলাদেশের চাকরি বাজারে একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কিছু সাধারণ ও কম দক্ষতার কাজ হারানোর ঝুঁকি থাকলেও যারা প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারবে, তাদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা এবং কর্মীদের পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে এই পরিবর্তনকে ইতিবাচকভাবে কাজে লাগানো সম্ভব। তাই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলাই হবে ভবিষ্যতের চাকরি বাজারে টিকে থাকার মূল চাবিকাঠি।

