চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে আবার দায়িত্বে ফিরিয়ে আনার দাবিতে ছয় দিন পার হয়ে গেলেও থামছে না শিক্ষার্থীদের আন্দোলন। ক্যাম্পাসে চলমান সর্বাত্মক শাটডাউন কর্মসূচি রোববার ষষ্ঠ দিনে গড়িয়েছে।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে জড়ো হয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ও কঠোর অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুরে ক্যাম্পাসের ভেতরে একটি প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হবে, যাকে তারা নাম দিয়েছেন ‘প্রশ্নযাত্রা’। এই কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীর হাতে থাকবে ‘৫৬?’ লেখা একটি কাগজ, যা তারা একসঙ্গে সবার সামনে তুলে ধরবেন।
এই কর্মসূচির পরপরই মঞ্চস্থ হবে একটি পথনাটক এবং আয়োজন করা হবে ‘৫৬ কর্ণার’ নামের একটি বিশেষ উপস্থাপনা। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, অধ্যাপক সায়েম উপাচার্যের দায়িত্বে থাকাকালীন মাত্র ৫৬ দিনের মধ্যে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে যে সব উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছিল, এই আয়োজনগুলোর মধ্য দিয়েই তা তুলে ধরার চেষ্টা করা হবে।
এ ছাড়া ক্যাম্পাসে বসানো হবে একটি ‘স্মৃতি বোর্ড’, যেখানে শিক্ষার্থীরা সাবেক উপাচার্যের সঙ্গে তাদের নিজ নিজ স্মরণীয় মুহূর্তের কথা লিখে রাখতে পারবেন এবং তার সঙ্গে তোলা প্রিয় ছবিও সেখানে পিন করে রাখার সুযোগ পাবেন। আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে।

