ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। একই অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে।
রোববার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সমাবর্তনের বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় জানানো হয়, এবারের সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকেও সম্মান জানানো হবে। তাঁকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট এবং পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর ২০২৬।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠান প্রতিবছর দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয় এবং দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অর্জন তুলে ধরা হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি এবং এ. কে. এম. ফজলুল হক মিলন এমপিসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

