ঘরের মাঠে স্বপ্নের সাফ ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, এই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বল দখলে বাংলাদেশের আধিপত্য থাকলেও আক্রমণগুলো থেকে গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। পুরো ম্যাচের প্রায় ৬৪ শতাংশ সময় বল ছিল বাংলাদেশের দখলে। কয়েকবার প্রতিপক্ষের গোলপোস্টে আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
বরং গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনের একটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পাকিস্তান। সেই এক গোলই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয়।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। একের পর এক আক্রমণ করলেও পাকিস্তানের রক্ষণভাগ ভাঙতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে ফারহানসহ কয়েকজন খেলোয়াড়কে মাঠে নামিয়েও ফল পরিবর্তন করা সম্ভব হয়নি।
শারীরিক লড়াইয়েও পাকিস্তানের সঙ্গে তাল মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন।
২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর আবারও ফাইনালে ওঠার সুযোগ তৈরি হলেও ঘরের মাঠে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়ল পাকিস্তান।

