পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সুপারিশ অনুমোদন করে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের বিষয়টি চূড়ান্ত করা হয়। পরে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ৪ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
এ ছাড়া আলোচিত বছরে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরে এ সূচক ছিল ৩ টাকা ৬৬ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে আগামী ২০ মে।

