দেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। এই পদে দায়িত্ব পাওয়া প্রথম নারী হিসেবে তিনি নতুন ইতিহাস গড়লেন।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রকাশিত গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তিনি সাবেক চেয়ারম্যান আসলাম আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ২ মার্চ আসলাম আলম পদত্যাগ করেছিলেন।
সরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী মীর নাদিয়া নিভিন এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০২৫ সালের অক্টোবরে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
২০০৭ সালের আগস্টে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে প্রোগ্রাম কর্মকর্তা হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। একই সময়ে তিনি বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা কার্যক্রম ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ কর্মসূচির সঙ্গেও যুক্ত ছিলেন।
২০০৯ সালে জার্মানিতে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর আন্তর্জাতিক কর্মজীবনের সূচনা ঘটে। পরবর্তীতে তিনি নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সদর দপ্তরের বৈশ্বিক নির্বাচনবিষয়ক দলে যোগ দেন। সেখানে বিভিন্ন দেশের কার্যালয়কে নির্বাচনসংক্রান্ত নীতি সহায়তা প্রদান করেন।
২০১৩ সালে আফগানিস্তানে নির্বাচন কর্মসূচি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সময় তিনি নির্বাচন ব্যবস্থা, সংসদীয় কার্যক্রম, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং লিঙ্গ সমতা বিষয়ক উদ্যোগে ভূমিকা রাখেন।
এরপর পাকিস্তানের কেন্দ্রশাসিত উপজাতীয় অঞ্চল ও খাইবার পখতুনখোয়ায় দায়িত্ব পালন করেন। সেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন কার্যক্রমে তিনি কাজ করেন।
২০১৮ সালে মালয়েশিয়ায় দায়িত্ব পালনের সময় তিনি দেশটির নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্নীতিবিরোধী নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কর্মসূচিতে যুক্ত ছিলেন।
পরবর্তীতে ২০২০ সালের মার্চে তিনি মিয়ানমারে জাতিসংঘের কার্যক্রমে যোগ দেন। সেখানে ডিজিটাল স্বাস্থ্যসেবা, আন্তঃসীমান্ত টিকাদান কর্মসূচি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানবাধিকার উদ্যোগে কাজ করেন।
এদিকে দেশের বিমা খাতে সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর তদারকি জোরদার এবং গ্রাহক স্বার্থ সুরক্ষার দাবি ক্রমেই বাড়ছে। এমন এক সময়ে আইডিআরএর শীর্ষ পদে মীর নাদিয়া নিভিনের নিয়োগকে খাতটির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

