বাংলাদেশের বীমা খাত দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আস্থার সংকটে ভুগছে। এই পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি। বরং বছরের পর বছর ধরে জমে থাকা নীতিগত ও কাঠামোগত নানা দুর্বলতার ফলেই খাতটি আজ বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জে পড়েছে।
এই সংকটের অন্যতম বড় কারণ হলো ক্লেইম নিষ্পত্তির দুর্বলতা। কোনো গ্রাহক নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করার পরও পলিসির শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ বা মেয়াদ শেষে পাওনা অর্থ নির্ধারিত সময়ের মধ্যে না পেলে স্বাভাবিকভাবেই তার আস্থা নষ্ট হয়। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়; বরং পুরো বীমা খাতের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে ক্লেইম নিষ্পত্তিতে বিলম্বকে বিচ্ছিন্ন সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত গভীর কাঠামোগত দুর্বলতার প্রতিফলন, যেখানে অদক্ষ ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বাংলাদেশের বীমা খাতের ব্যবসায়িক কাঠামো শুরু থেকেই যথাযথ ঝুঁকি মূল্যায়ন ও দায় ব্যবস্থাপনার ভিত্তিতে গড়ে ওঠেনি। বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার লক্ষ্যেই অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় ঝুঁকি বিশ্লেষণ ছাড়াই বীমা পলিসি বিক্রি করেছে। ফলে ভবিষ্যতে যে পরিমাণ ক্লেইম পরিশোধের দায় তৈরি হয়েছে, তা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকেনি।
অন্যদিকে, গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত প্রিমিয়ামের অর্থ দীর্ঘমেয়াদে নিরাপদ ও সহজে ব্যবহারযোগ্য অবস্থায় রাখার পরিবর্তে অনেক ক্ষেত্রে ভুল বিনিয়োগ কিংবা স্বল্পমেয়াদি স্বার্থসংশ্লিষ্ট খাতে আটকে গেছে। এর ফলে ক্লেইম পরিশোধের সময় প্রয়োজনীয় নগদ অর্থের সংকটে পড়ে বীমা কোম্পানিগুলো। শেষ পর্যন্ত এই পরিস্থিতির সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েন গ্রাহকেরাই।
করপোরেট গভর্ন্যান্সের দুর্বলতাও বাংলাদেশের বীমা খাতের আস্থাহীনতাকে আরও গভীর করেছে। কাগজে-কলমে পর্ষদের দায়িত্ব, সুশাসন ও কমপ্লায়েন্সসংক্রান্ত নীতিমালা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই সেগুলোর কার্যকর প্রয়োগ দেখা যায় না। অনেক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে স্বাধীন ও দক্ষ সদস্যের অংশগ্রহণ সীমিত। একই সঙ্গে মালিকানা ও ব্যবস্থাপনার মধ্যে প্রয়োজনীয় বিভাজনও স্পষ্ট নয়। এর ফলে পর্ষদ নীতিনির্ধারণে মনোযোগী হওয়ার পরিবর্তে দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করে, যা পেশাদার ব্যবস্থাপনার স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণকে বাধাগ্রস্ত করে। এ পরিস্থিতিতে নতুন নির্দেশনা তৈরির চেয়ে বিদ্যমান নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন, পর্ষদের কাঠামোগত সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করাই বেশি জরুরি।
নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। নিয়ম ও আইন থাকলেও সেগুলোর কার্যকর প্রয়োগ এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে ঘাটতির অভিযোগ নতুন নয়। সমস্যার মূল কারণ আইনের অভাব নয়; বরং স্বাধীনতা, দক্ষতা এবং প্রয়োগক্ষমতার সীমাবদ্ধতা। অনেক সময় অনিয়ম চিহ্নিত হওয়ার পরও দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। এতে বাজারে এমন ধারণা তৈরি হয় যে নিয়ম লঙ্ঘনের পরও বড় ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে না।
পাশাপাশি জটিল বীমা পণ্য, বিনিয়োগ ঝুঁকি এবং অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণের মতো বিশেষায়িত বিষয় তদারকির জন্য প্রয়োজনীয় দক্ষ জনবলও এখনও পর্যাপ্ত নয়। এর সঙ্গে রাজনৈতিক কিংবা প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর চাপ কার্যকর সিদ্ধান্ত গ্রহণকে আরও কঠিন করে তোলে।
বীমা খাতের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এটি এখনও মূলত এজেন্টনির্ভর বিক্রয়ব্যবস্থার ওপর নির্ভরশীল। এই ব্যবস্থায় বিক্রয় বাড়ানোর প্রণোদনাই বেশি গুরুত্ব পায়, কিন্তু গ্রাহকের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচন কিংবা দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে। কমিশনভিত্তিক আয়ের কারণে অনেক এজেন্ট পলিসির সব শর্ত ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে ব্যাখ্যা না করেই বিক্রয়ে আগ্রহী হন।
তবে বাংলাদেশের বাস্তবতায় এজেন্টভিত্তিক মডেল পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়। মূল সমস্যা এই ব্যবস্থায় নয়; বরং এর দুর্বল নিয়ন্ত্রণ ও অপর্যাপ্ত কাঠামোয়। তাই এজেন্টদের জন্য বাধ্যতামূলক লাইসেন্স, নিয়মিত প্রশিক্ষণ, পেশাদার আচরণবিধি এবং দীর্ঘমেয়াদে পলিসি বহাল রাখার সঙ্গে কমিশন কাঠামোকে যুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকাস্যুরেন্স, ডিজিটাল প্ল্যাটফর্ম ও করপোরেট বিক্রয় চ্যানেলের বিস্তার ঘটিয়ে বাজারকে আরও বৈচিত্র্যময় করা জরুরি।
অন্যদিকে দেশের প্রকৃত চাহিদার তুলনায় বিদ্যমান বীমা পণ্যের পরিসরও সীমিত। বিশেষ করে স্বাস্থ্য বীমা, পেনশন এবং কৃষি বীমার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখনও পর্যাপ্ত গুরুত্ব পায়নি। অথচ উন্নয়নশীল অর্থনীতিতে এসব সেবা সামাজিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। দীর্ঘমেয়াদি পরিসংখ্যান, অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণ এবং পুনর্বীমা সক্ষমতার ঘাটতির কারণে অনেক প্রতিষ্ঠান তুলনামূলক সহজ ও কম ঝুঁকিপূর্ণ পণ্যেই সীমাবদ্ধ থাকে। এ অবস্থার পরিবর্তনে সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং বেসরকারি খাতের সমন্বিত ও কার্যকর উদ্যোগের বিকল্প নেই।
বীমা খাতের ডিজিটাল রূপান্তরও প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। এর পেছনে শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতা দায়ী নয়; বরং নীতিগত অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক জড়তাই বড় বাধা হিসেবে কাজ করছে। এখনও এই খাতের জন্য সুস্পষ্ট ও বাধ্যতামূলক কোনো ডিজিটাল রোডম্যাপ গড়ে ওঠেনি। একই সঙ্গে কেন্দ্রীয় তথ্যভান্ডার এবং তথ্য বিনিময়ের কার্যকর নীতিমালারও অভাব রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডিজিটাল ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ে এবং সেই সঙ্গে জবাবদিহিও নিশ্চিত হয়। এ কারণেই অনেক প্রতিষ্ঠানের মধ্যে এ পরিবর্তনের প্রতি নীরব অনাগ্রহ লক্ষ করা যায়।
গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত প্রিমিয়াম মূলত ভবিষ্যতে ক্লেইম পরিশোধের উদ্দেশ্যে সংরক্ষিত একটি আস্থাভিত্তিক তহবিল। তাই এই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যথাযথ ঝুঁকি মূল্যায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় তারল্য সংকট, স্বার্থের সংঘাত এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় ঝুঁকি তৈরি হতে পারে, যার চূড়ান্ত প্রভাব গিয়ে পড়ে গ্রাহকদের ওপরই।
খাতটির সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘ তালিকা করা সম্ভব হলেও বাস্তব পরিবর্তনের জন্য তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। প্রথমত, ক্লেইম নিষ্পত্তিকে গ্রাহকের আইনি অধিকার হিসেবে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করতে হবে। এর আওতায় নির্ধারিত সময়সীমা, বিলম্বের ক্ষেত্রে স্বয়ংক্রিয় জরিমানা এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকের জন্য ক্ষতিপূরণের বিধান নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, নিয়ন্ত্রক সংস্থাকে আইন প্রয়োগে দৃশ্যমান ও কঠোর অবস্থান নিতে হবে। প্রয়োজনে লাইসেন্স স্থগিত, পরিচালনা পর্ষদ পুনর্গঠন কিংবা প্রতিষ্ঠানকে বাজার থেকে অপসারণের মতো পদক্ষেপ গ্রহণের সক্ষমতা থাকতে হবে। তৃতীয়ত, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়ন করতে হবে। ঝুঁকিভিত্তিক আন্ডাররাইটিং, ডিজিটাল ক্লেইম ব্যবস্থাপনা, কেন্দ্রীয় তথ্যভান্ডার এবং ইলেকট্রনিক গ্রাহক পরিচয় যাচাই বাধ্যতামূলক করার দিকেও অগ্রাধিকার দিতে হবে।
এ ধরনের কার্যকর সংস্কার এখনই শুরু না হলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বীমা খাত আরও আস্থাহীন, প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে অকার্যকর অবস্থায় পৌঁছাতে পারে। তখন হয়তো কোম্পানির সংখ্যা থাকবে, প্রিমিয়ামও সংগ্রহ হবে, কিন্তু বীমার মূল লক্ষ্য—ঝুঁকি কমানো এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা—বাস্তবে অর্জিত হবে না।
একটি দুর্বল বীমা খাতের প্রভাব শুধু এই শিল্পেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে স্বাস্থ্য, কৃষি, শিল্প ও অবকাঠামোর ঝুঁকি সুরক্ষার ওপর। পাশাপাশি বিনিয়োগ ব্যয় বাড়ে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। যে আস্থাহীনতা দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে, তা দূর করতেও প্রয়োজন সমন্বিত, কঠোর ও কার্যকর নীতিগত পদক্ষেপ। অন্যথায় ভবিষ্যতে এর মূল্য অর্থনীতি ও সমাজ—উভয়কেই আরও বড় পরিসরে দিতে হতে পারে।

